আজকাল ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে মুর্শিদাবাদে ফের প্রাণহানির ঘটনা। সোমবার দুপুরে সুতি থানার সরলা কিশোরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। একই দিনে রঘুনাথগঞ্জের একটি স্কুলে বজ্রপাতের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন ২ শিক্ষিকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে সুতি থানার অন্তর্গত সরলা কিশোরপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে ধান পোড়াতে গিয়েছিলেন। কাজ করার সময় আচমকাই আকাশ কালো করে প্রবল বৃষ্টি শুরু হয়। তার সঙ্গেই শুরু হয় বারংবার বজ্রপাত।
প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎই বিকট শব্দে বাজ পড়ে মাঠের একটি প্রান্তে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৪ জন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা কার্তিক মণ্ডল (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
বজ্রপাতে গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন নয়ন মণ্ডল (৪৫), সুশান্ত মণ্ডল (৩৬) এবং মিঠুন মণ্ডল (৩৫)।বর্তমানে তাঁরা জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে একই দিনে বজ্রপাতের অন্য একটি ঘটনায় আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত ওমরপুর পাবলিক স্কুলের ২ শিক্ষিকা। স্কুল সূত্রে জানা গিয়েছে, সকালের দিকে বৃষ্টির সঙ্গেই তীব্র বজ্রপাত হয়। বিদ্যুতের ঝলকানি এবং বিকট শব্দে স্কুলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন শিক্ষিকা সুলতানা পারভীন এবং মতিজা খাতুন। স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা দ্রুত তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বজ্রপাতের তীব্র অভিঘাত এবং বিদ্যুতের ঝলকানির কারণেই দুই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন।
















