আজকাল ওয়েবডেস্ক: নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে রাজ্যে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে। এবার সেই সামাজিক প্রকল্পের কয়েকটির ভাতার পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে খবর, বার্ধক্য ভাতা, বিধাবা ভাতার পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। অর্থাৎ, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দেওয়া হবে। কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা শীঘ্রই ঘোষণা করা হবে।

এর আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে, জুন মাস থেকে রাজ্যে শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৩০০০ টাকা। বিধানসভা নির্বাচনের ইস্তেহারেও এই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার। 

তৃণমূল সরকারের আমলে রাজ্যে চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এর আওতায় রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলারা প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে টাকা পেতেন। প্রকল্পের শুরুতে এই টাকার পরিমাণ ছিল ৫০০ টাকা। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে তা বাড়িয়ে করা হয় ১০০০ টাকা। তফসিলি জাতি, উপজাতিরা পেতেন ১২০০ টাকা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ফের বাড়ানো হয় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ। বর্তমানে সাধারণ উপভোক্তারা পেতেন ১৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতিরা পেতেন ১৭০০ টাকা। কিন্তু ভোটের আগে অন্যান্য প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। 

প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে শুভেন্দু জানিয়েছিলেন রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে রাজ্য। এছাড়াও নির্বাচনের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, ক্ষমতায় এলেই সরকারি বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরই সোমবার নবান্নে বসে শুভেন্দু তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে অনুমোদন দিয়েছে। ১ জুন থেকে মহিলাদের সরকারি বাসে চড়তে আর কোনও ভাড়া দিতে হবে না।