আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার (৫ জুলাই, ২০২৬) শিয়ালদহের ডানকুনি শাখায় ১০ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক হবে বলে ঘোষণা করেছে পূর্ব রেল। বারানগর রোড ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেল ওভারব্রিজে উচ্চক্ষমতাসম্পন্ন রোড ক্রেনের সাহায্যে গার্ডার প্রতিস্থাপনের কাজ করা হবে। তাই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। রেলের দাবি এই কাজের ফলে সংশ্লিষ্ট রেলপথে নিরাপত্তা ও ট্রেন চলাচলের গতি আরও বৃদ্ধি পাবে।
পূর্ব রেল জানিয়েছে, রবিবার রাত ১টা (আদতে শনিবার গভীর রাত) থেকে সকাল ১১টা পর্যন্ত মোট ১০ ঘণ্টার মেগা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই সময়ে ব্রিজ ৫ নম্বর ব্রিজের আপ ও ডাউন লাইনের গার্ডার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হবে।
এই কাজের জন্য ওই দিন শিয়ালদহের ডানকুনি শাখায় বহু লোকাল ট্রেন বাতিল থাকবে।
বাতিল লোকালের তালিকা:
* শিয়ালদহ–ডানকুনি: ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২২১, ৩২২২৩, ৩২২২৭ (আপ)
* শিয়ালদহ–ডানকুনি: ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০, ৩২২২২, ৩২২২৪, ৩২২২৮ (ডাউন)।
* শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: ৩১৩১৩, ৩১৩১৯ (আপ)
* শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: ৩১৩১৬, ৩১৩২০ (ডাউন)।
* শিয়ালদহ–নৈহাটি: ৩১৪১৫ (আপ)
* শিয়ালদহ–নৈহাটি: ৩১৪১৪, ৩১৪১৮ (ডাউন)।
* বিধাননগর রোড–নৈহাটি: ৩১৪৭১ (আপ)।
* শিয়ালদহ–হাবরা: ৩৩৬৫৩ (আপ)
* শিয়ালদহ–হাবরা: ৩৩৬৫৪ (ডাউন)।
* নৈহাটি–ব্যান্ডেল: ৩৭৫২৭, ৩৭৫৩১, ৩৭৫৩৩ (আপ)
* নৈহাটি–ব্যান্ডেল: ৩৭৫২৮, ৩৭৫৩২, ৩৭৫৩৪ (ডাউন)।
রুট পরিবর্তন করা হবে এমন মেল ও এক্সপ্রেস ট্রেনের তালিকা:
দমদম জংশন–নৈহাটি হয়ে চলবে:
* শিয়ালদহ–আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩ আপ) - বেলঘরিয়ায় স্টপেজ থাকবে।
* কলকাতা–অকাল তখ্ত এক্সপ্রেস (১২৩১৭ আপ)।
নৈহাটি–দমদম জংশন হয়ে চলবে:
* দার্জিলিং মেল (১২৩৪৪ ডাউন)
* উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৩১৪৮ ডাউন) - বেলঘরিয়ায় স্টপেজ থাকবে।
* পদাতিক এক্সপ্রেস (১২৩৭৮ ডাউন)
* কাঞ্চনকন্যা এক্সপ্রেস (১৩১৫০ ডাউন) - ব্যান্ডেল ও বেলঘরিয়ায় স্টপেজ থাকবে।
* আগ্রা ক্যান্ট–কলকাতা এক্সপ্রেস (১৩১৬৮ ডাউন)
* শিয়ালদহ রাজধানি এক্সপ্রেস (১২৩১৪ ডাউন)
বর্ধমান হয়ে চলবে:
* পুরী–শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (২২২০২ ডাউন)।
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানান, রেল পরিকাঠামোকে আরও নিরাপদ ও আধুনিক করতে এই গার্ডার প্রতিস্থাপনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীদের অসুবিধা কমাতে সপ্তাহান্তে এই ব্লকের পরিকল্পনা করা হয়েছে। তিনি যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে বলেন, "কাজ চলাকালীন ব্রিজের নীচে যান চলাচলও বন্ধ থাকবে।" ফলে বিকল্প রাস্তা ব্যবহার করার পাশাপাশি যাত্রার আগে সংশোধিত ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তপক্ষ।















