আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিল। সেই জল্পনায় সিলমোহর সোম সন্ধেয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলেছেন এবার সামলাবেন প্রশাসনের দায়ভার। রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ আগরওয়াল।
অন্যদিকে অতিরিক্ত মুখ্যসচিব পদমর্যাদার প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার পদ দিয়ে দিল্লিতে পাঠানো হচ্ছে বর্তমান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল।
মনোজ আগরওয়ালকে নিয়ে সোমবার দুপুর থেকে জল্পনা কিছুটা তীব্র হয়েছিল। সেই মুহূর্তে আনষ্ঠানিকভাবে তাঁর পদে থাকার বিষয়টি সামনে আসেনি, কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গেই, প্রশাসনিক বৈঠকে তাঁকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল।
প্রশ্ন ওঠে যেমন, তেমনই জল্পনাও বাড়ে কয়েকগুণ। তবে বেলা পেরোতেই জল্পনার অবসান। একদিকে যেমন ভোটের দায়িত্ব মিটিয়ে রাজ্য প্রশাসনে ফিরেছেন সুব্রত গুপ্ত, তেমনই রাজ্যের মুখ্যসচিব পদে বসছেন মনোজ আগরওয়াল।
এর আগে, ৯ মে জানা যায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা পদে বসলেন সুব্রত গুপ্ত। এতদিন এই অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের সদস্য সমাপ্ত নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন বিশেষ পর্যবেক্ষকের ভূমিকায়। ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার নেপথ্যে সুব্রত বাবুর ভূমিকা প্রশংসিত হয়েছে। এরপরই শনিবার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসাবে নিয়োগের খবর সামনে আসে।
সুব্রত গুপ্ত (১৯৯০ ব্যাচ) হলেন পশ্চিমবঙ্গ ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। ১৬ বছরেরও বেশি সময় ধরে সেন্ট্রাল ডেপুটেশনে কাজ করেছেন। ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত, তিনি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়া,মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব পদে (সরকারি স্তরে) শান্তনু বালাকে বেছে নিয়েছে রাজ্য সরকার। শান্তনু বালা ২০১৭ ব্যাচের আইএএস আধিকারিক। শনিবার কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দপ্তরের সচিব রাজেশ পাণ্ডের প্রকাশিত আদেশনামায় এ কথা জানানো হয়েছে। এই পদে বদলি হওয়ার আগে শান্তনু ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক।















