আজকাল ওয়েবডেস্ক: মালদায় প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে একটি হোল্ডিং সেন্টার। ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় একটি সরকারি ভবনে এই কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যেই ৯ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে সেখানে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা এবং ৬ জন নাবালক-নাবালিকা। জানা গিয়েছে, গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে তাঁদের আটক করে আনা হয়েছে।

হোল্ডিং সেন্টারটিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ১২ জন পুলিশ কর্মী, ৩ জন সিভিল ডিফেন্স কর্মী ও ৩ জন সিভিক ভলান্টিয়ার।

পাশাপাশি খাবারের ব্যবস্থার জন্য নিযুক্ত করা হয়েছে রাঁধুনিও। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলা শাসকের দপ্তর থেকে কিছুটা দূরে ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় এই হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে।

এই প্রসঙ্গে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘নির্বাচনের আগে আমরা ঘোষণা করেছিলাম, সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের এই দেশ থেকে ফেরত পাঠানো হবে। অন্যদিকে, হিন্দু বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। সেই কাজই এখন হচ্ছে। জেলা প্রশাসন সক্রিয়ভাবে এই কাজ করছে। যেসব মুসলিম বাংলাদেশি ও রোহিঙ্গারা বেআইনিভাবে দেশে ঢুকেছে, তাঁদের সকলকেই ডিপোর্ট করা হবে।’

অন্যদিকে, এই ইস্যুতে ভিন্ন সুর শোনা গিয়েছে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর গলায়। তিনি বলেন, ‘ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। যারা বেআইনিভাবে দেশে প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের যেটা প্রয়োজন মনে হচ্ছে, তাই করছে।’