আজকাল ওয়েবডেস্ক: বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রুদ্ররূপের সাক্ষী পাহাড়। বৃহস্পতিবার ভোরে সেবক কালীমন্দির সংলগ্ন বাঘপুল এলাকায় হঠাৎই পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে পড়ে ১০ নম্বর জাতীয় সড়কের উপর। মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ এই সড়ক। ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এনএইচ-10 বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ি, সিকিম, কালিম্পং এবং ডুয়ার্সের মধ্যে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রাস্তার দুই প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে অসংখ্য পর্যটকবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী যান। দীর্ঘক্ষণ আটকে থেকে ভোগান্তির মুখে পড়েন বহু যাত্রী।
ধসের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মীরা। উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজে নামানো হয় জেসিবি-সহ একাধিক ভারী যন্ত্র। জানা গিয়েছে, ধসের স্তূপ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
প্রশাসন সূত্রে খবর, ধসের পরিমাণ বেশি হওয়ায় রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে বেশ কিছুটা সময় লাগতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই আংশিকভাবে যান চলাচল শুরু করার চেষ্টা করা হবে। তবে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে যাত্রীদের সুবিধার জন্য গজলডোবা-এনজেপি এবং রোহিণী-দার্জিলিং হয়ে বিকল্প পথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষাকালে পাহাড়ি সড়কে বারবার ধসের ঘটনায় এনএইচ-10-এর নিরাপত্তা ও স্থায়ী সমাধান নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।















