আজকাল ওয়েবডেস্ক: তিন দিন আগেই ঘোষণা করা হয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। বৃহস্পতিবার ফলঘোষণার দিনই উত্তীর্ণদের জন্য নয়া ঘোষণা করা হয়েছে। এ বছর পরীক্ষায় উত্তীর্ণদের জন্য অন্যান্য বোর্ডের মতোই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দেওয়া হবে বাড়তি সুবিধা। নিজেদের নম্বর নিয়ে অসন্তুষ্ট থাকলে তাঁরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি,প্রতি বছরের মতোই স্ক্রুটিনি এবং রিভিউ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণও শুরু হয়ে গিয়েছে সংসদের তরফে।

 

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করেন সংসদ সভাপতি পার্থ কর্মকার। জানান, দেশের কেন্দ্রীয় বোর্ডগুলির মতোই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এ বার বিশেষ সুবিধা দেওয়া হবে। ফল ঘোষণার পর যাঁদের ফল আশানুরূপ হবে না, তাঁরা ফের আর এক বার সুযোগ পাবেন। দিতে পারবেন 'ইম্প্রুভমেন্ট এক্সাম'। এর ফলে পরীক্ষার নম্বর আরও কিছুটা বাড়ানোর সুযোগ মিলবে তাঁদের।

 

বৃহস্পতিবার সংসদ সভাপতি পার্থ কর্মকার বলেন, "উচ্চ মাধ্যমিকের নতুন পদ্ধতিতে তৃতীয় ও চতুর্থ সেমেস্টার মিলিয়ে পরীক্ষার্থীরা ফল ঘোষণা করা হয়েছে। যাঁরা উত্তীর্ণ হয়েও নিজের নম্বরে খুশি নন, তাঁদের জন্যই ইমপ্রুভমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের এ বছরের মার্কশিট স্কুলের মাধ্যমে সংসদের কাছে জমা দিতে হবে। এর পর তিনি ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন।"

 

তবে আইসিএসই, আইএসসি বা সিবিএসই-র দশম, দ্বাদশে উত্তীর্ণদের 'ইম্প্রুভমেন্ট পরীক্ষা' হবে শীঘ্রই। অন্যদিকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হবে আগামী বছর। এ জন্য তাঁরা মার্কশিট জমা দিয়ে আবেদন করতে পারবেন আগামী ১৫ জুন পর্যন্ত। মার্কশিটের পাশাপাশি জমা দিতে হবে শংসাপত্রও।

 

অন্য দিকে, পরীক্ষার্থীরা এক বছর অপেক্ষা না করে বেছে নিতে পারেন পরীক্ষার খাতা স্ক্রুটিনি বা রিভিউ বা পুনর্মূল্যায়নের বিকল্প ব্যবস্থাও। স্ক্রুটিনির আবেদন করা যাবে সমস্ত বিষয়ের জন্যই। তবে রিভিউয়ের আবেদন করা যাবে সর্বাধিক দু'টি বিষয়ের জন্য। যে বিষয়ে স্ক্রুটিনির আবেদন জানানো হয়েছে, সেই বিষয়ে রিভিউ করার অনুমতি মিলবে না।

পরীক্ষার্থীরা এ জন্য তৎকাল এবং নিয়মিত পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষায় উত্তীর্ণরা। তাঁদের https://wbchseapp.wb.gov.in/portal/dashboard_student -এ যেতে হবে। এখানে নিজেদের রোল নম্বর এবং মার্কশিট নম্বর লিখে আবেদন জানাতে হবে। আবেদন জানানো যাবে দু'টি পদ্ধতিতে। একটি, তৎকাল। অন্যটি, নিয়মিত। তৎকালে আবেদন জানানোর শেষ দিন আজ। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। অন্য দিকে, নিয়মিত পদ্ধতিতে আবেদনের শেষ দিন ২৮ মে। ওই দিনও রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

 

তৎকালে আবেদন করতে পরীক্ষার্থীদের প্রতি বিষয়ের স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা জমা দিতে হবে। অন্য দিকে, নিয়মিত পদ্ধতিতে বিষয় পিছু স্ক্রুটিনিতে ৬০০ টাকা এবং রিভিউতে ৮০০ টাকা খরচ পড়বে। তৎকাল মাধ্যমে রিভিউ, স্ক্রুটিনির ফল ঘোষণা করা হবে ৮ দিনের মধ্যে। অন্য দিকে, নিয়মিত পদ্ধতিতে রিভিউ, স্ক্রুটিনির ফল জানা যাবে আগামী এক মাসের মধ্যে।