কলকাতায় দুটি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে হবে, অভিষেককে এবার নোটিশ পাঠাল কলকাতা পুরসভা

Abhishek Banerjee

আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে এবার নোটিশ পাঠাল কলকাতা পুরসভা। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দুটি বাড়ি নির্মাণ সংক্রান্ত পরিকল্পনা ও অনুমোদন সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।

কলকাতা পুরসভা সূত্রে খবর, সংশ্লিষ্ট দুই বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে বলা হয়েছে অভিষেক ব্যানার্জিকে। পাশাপাশি ওই বাড়িগুলির সমস্ত নির্মাণকাজ কলকাতা পুরসভার অনুমোদন নিয়ে হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, নিজের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে সম্প্রতি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

তার পরিপ্রেক্ষিতেই সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। জানা গিয়েছে, আদালতের এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, নির্বাচনের আগে উস্কানিমূলক মন্তব্য এবং ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্যের অভিযোগে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়।

জানা গিয়েছে, এই এফআইআর-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যও অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন অর্থাৎ ৫ মে বাগুইআটির থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান রাজীব কুমার নামক ওই ব্যক্তি।