আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হল ড. প্রিয়দর্শিনী মল্লিককে। বৃহস্পতিবার বিকাশ ভবনের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকা অনুসারে, ড. প্রিয়দর্শিনী মল্লিককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে ওই চিঠিতে। 

উল্লেখ্য, ড. প্রিয়দর্শিনী মল্লিক সম্পর্কে তৃণমূল নেতা তথা রাজ্য়ে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে।

বিকাশ ভবনের নির্দেশ মোতাবেক, ড. প্রিয়দর্শিনী মল্লিককে তাঁর ‘মাদার পোস্টিং’ বা আদি কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়দর্শিনী আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করবেন। 

রাজ্যপালের আদেশক্রমে জারি হওয়া এই চিঠির প্রতিলিপি ইতিমধেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, স্কুল শিক্ষা কমিশনার এবং আশুতোষ কলেজের অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

ড. প্রিয়দর্শিনী মল্লিকের বদলে কে হবেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব? তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।