আজকাল ওয়েবডেস্ক: যাত্রী নিরাপত্তার বিষয় রেল-কে বোঝাতে বন্ধ রাখা হল উত্তর ২৪ পরগণার অশোকনগর রোড স্টেশন চত্বরে আলো! রেলের উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে পথে নেমে এমনই অভিনব প্রতিবাদ অশোকনগরের স্টেশন এলাকার দোকানদারদের।
অভিনব ঘটনার সাক্ষী থাকল অশোকনগর রোড স্টেশন চত্বর। স্টেশন সংলগ্ন দোকানগুলিকে উচ্ছেদের নোটিস দেওয়ার বিরুদ্ধে নিজেদের দোকানের সমস্ত আলো নিভিয়ে প্রতীকী প্রতিবাদ জানালেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা।
পাশাপাশি বিক্ষোভ মিছিলেরও আয়োজন করা হয়। সম্প্রতি রেলের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্টেশনের পাশাপাশি অশোকনগর রোড স্টেশন সংলগ্ন সমস্ত দোকানেও উচ্ছেদের নোটিস জারি করা হয়েছে। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে দোকানদারদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ উচ্ছেদের সিদ্ধান্তে তাঁদের পরিবারগুলির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
আন্দোলনকারীদের একাংশের দাবি, স্টেশন এলাকার এই দোকানগুলি শুধুমাত্র ব্যবসার কেন্দ্র নয়, যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাতের বেলায় দোকানগুলির আলো এবং মানুষের উপস্থিতি স্টেশন চত্বরে নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে সাহায্য করে।
দোকান উচ্ছেদ হয়ে গেলে স্টেশন এলাকা অনেকটাই ফাঁকা হয়ে যাবে এবং যাত্রী নিরাপত্তা কতটা নিশ্চিত থাকবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। সেই বার্তা তুলে ধরতেই এদিন প্রতীকী প্রতিবাদ হিসেবে দোকানের আলো নিভিয়ে পরিস্থিতির একটি চিত্র সামনে আনার চেষ্টা করেন ব্যবসায়ীরা।
তাঁদের বক্তব্য, দোকানহীন অন্ধকার স্টেশন চত্বর ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে। এর পাশাপাশি এলাকার দোকানদারেরা একজোট হয়ে একটি বিক্ষোভ মিছিলও করেন। জাতীয় পতাকা হাতে অশোকনগর স্টেশন সংলগ্ন বাজার এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি ৩ নম্বর রেলগেট হয়ে বিল্ডিং মোড় পর্যন্ত পরিক্রমা করে।
মিছিল চলাকালীন উচ্ছেদ নোটিস প্রত্যাহার এবং পুনর্বাসনের দাবিতে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। দোকানদারদের দাবি, রেল কর্তৃপক্ষ যেন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যার 'গ্রহণযোগ্য সমাধান' বের করে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দিয়েছেন তাঁরা। তবে এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনও।
















