শ্রেয়সী পাল: রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 'সংখ্যাগরিষ্ঠ ব্লকের' শক্তি আরও বৃদ্ধি পেতে চলেছে। সবকিছু পরিকল্পনামাফিক চললে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির সঙ্গ ছাড়তে চলেছেন ২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত আরও পাঁচ বিধায়ক।
সূত্রের খবর, ওই পাঁচজন বিধায়ককে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনই দলের 'সংখ্যাগরিষ্ঠ ব্লকের' সঙ্গে দেখা যাবে। আগামী ১৮ জুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে।
অন্যদিকে, গত ৬ এবং ১৯ মে কালীঘাটের বাড়িতে তৃণমূল বিধায়কদেরকে নিয়ে মমতা ব্যানার্জির বৈঠকে যেসমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার নথি শনিবার প্রকাশ করেছেন শোভনদেব চ্যাটার্জী। সেদিনের বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সই করেছেন তা সবই দেখা যাচ্ছে।
সম্প্রতি উলুবেরিয়া পূর্বের বিধায়ক ঋতব্রত ব্যানার্জি এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বিধানসভার স্পিকারকে লিখিত অভিযোগ করে জানান, শোভনদেব চ্যাটার্জী তৃণমূলের পরিষদীয় দলের নেতা নির্বাচন করে যে চিঠি স্পিকারের কাছে জমা পড়েছে তাতে কয়েকজন বিধায়কের সই জাল করেছে করা হয়েছে। এরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করা হয়। গত বুধবার আড়াআড়িভাবে ভেঙে যায় তৃণমূল কংগ্রেস।
ওই দিনই ঋতব্রত ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ব্লকের নেতা নির্বাচিত করে তাঁকেই পরিষদীয় দলনেতা করার দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি দেন তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিধায়ক। সেই চিঠিতেই জানানো হয়, তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক হিসেবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে নির্বাচিত করা হয়েছে।
সূত্রের খবর, মমতা ব্যানার্জির সঙ্গে এই মুহূর্তে ২২ জন তৃণমূল বিধায়ক থাকলেও রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের আগে তাঁর সঙ্গ ছাড়বেন আরও পাঁচ বিধায়ক। তবে সেই পাঁচজন বিধায়কের নাম এই মুহূর্তে প্রকাশ্যে আনতে রাজি নন সংখ্যাগরিষ্ঠ তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ব্লকের নেতারা।
রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ব্লকের এক শীর্ষ নেতা দাবি করেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকা একাধিক বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে তাঁদের সকলকেই এই মুহূর্তে আমাদের সংখ্যাগরিষ্ঠ ব্লকে যোগদান করানো হবে না।
ওই নেতা আরও বলেন, ইতিমধ্যেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে বৈঠক করেছেন এমন পাঁচজন বিধায়ক তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ব্লকে রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই যোগদান করবেন। সেক্ষেত্রে বাজেট অধিবেশন শুরুর আগেই সংখ্যাগরিষ্ঠ ব্লকের বিধায়ক সংখ্যা পৌঁছাবে ৬৩ তে।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় 'মমতার তৃণমূল কংগ্রেস' ভেঙে খানখান হয়ে গিয়েছে। এ বছর মুর্শিদাবাদের ২২ টি বিধানসভা আসনের মধ্যে ন'টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আটটি আসনে বিজেপি, দু'টি আসন থেকে জয়ী হয়েছে কংগ্রেস। হুমায়ুন কবীর নিজে জয়ী হয়েছেন দু'টি আসনে এবং একটি আসন গিয়েছে বামেদের দখলে। গত বুধবার 'মমতার তৃণমূল কংগ্রেস' ছেড়ে দলের সংখ্যাগরিষ্ঠ ব্লকের যোগ দিয়েছেন মুর্শিদাবাদের আট বিধায়ক। জলঙ্গীর তৃণমূল বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষাবিদ বাবর আলীর সংখ্যাগরিষ্ঠ ব্লকে যোগদান করবেন কিনা তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।
ওই নেতা আরও দাবি করেছেন, গতকাল কলকাতা কর্পোরেশনের মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগের পর অনেকেই মনে করেছিলেন তিনি সম্ভবত মমতা ব্যানার্জির সঙ্গ ছেড়ে দলের সংখ্যাগরিষ্ঠ ব্লকে যোগদান করবেন। ওই নেতা বলেন, "এখনও ফিরহাদ হাকিমের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনও অনুরোধ আমাদের কাছে এসে পৌঁছয়নি।"
তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ ব্লকের তরফ থেকে পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে নির্বাচিত আখরুজ্জামান বলেন,"সংখ্যাগরিষ্ঠ ব্লকের বিধায়করা সম্মিলিতভাবে একটি 'টিম' হিসাবে কাজ করে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের কাছে খবর রয়েছে দলের সংসদীয় নেতৃত্বে বড় ভাঙন আসন্ন।"
আখরুজ্জামান বলেন, "এই মুহূর্তে ৫৮ জন বিধায়কের সই করা চিঠি আমরা রাজ্য বিধানসভার স্পিকারকে জমা দিয়েছি। তবে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই আরও পাঁচজন তৃণমূল বিধায়ক আমাদের ব্লকে যোগদান করছেন।" তবে সেই বিধায়কদের নাম এই মুহূর্তে আখরুজ্জামান প্রকাশ করতে রাজি হননি। তিনি বলেন, "যে পাঁচ বিধায়ক আমাদের ব্লকে যোগদান করতে চলেছেন তাঁদেরকে সম্প্রতি মমতা ব্যানার্জির বৈঠকে দেখা গিয়েছিল।"















