আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাতে উত্তপ্ত যাদবপুর। প্রতিরোধ করেও আটকানো গেল না উচ্ছেদ। মধ্যরাতে যাদবপুর স্টেশন চত্বরে চলল বুলডোজার। প্রতিবাদ করতে গিয়ে আটক বাম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক।
পুলিশের লাঠিচার্জে আহতও হয়েছেন অনেকে। পুলিশি লাঠিচার্জে ভেঙে যায় প্রতিরোধ, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দোকান। যে সমস্ত নির্মাণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছিল, একে একে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু হয়।
রাতের অন্ধকারে, রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর। পরের দিন সকালেই যাদবপুরে বুলডোজার নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই ফুটপাথ, স্টেশন চত্বর দখল করে থাকার ফলেই উন্নতি হচ্ছে না পশ্চিমবঙ্গের।
তিনি বলেন, ‘ফুটপাথ দখল করে আছে, স্টেশন দখল করে আছে, জনজীবন যদি স্তব্ধ হয়ে যায় ক’টা লোকের জন্য, তাহলে পশ্চিমবঙ্গ এগোবে কি করে? যারা ওখানে বসে আছেন তাদের ভাবতে হবে।’
দিলীপ ঘোষের সাফ বক্তব্য, ‘অন্য জায়গা দেখুন, সরকারও ভাবছে। হাজার হাজার লোক যদি কব্জা করে থাকে, সবাইকে তো জায়গা দেওয়া সম্ভব নয়। সমাধানটা কী? আগে জায়গা ছাড়তে হবে।’
অন্যদিকে, রবিবার মধ্যরাতে প্রাথমিকভাবে প্রতিবাদ, প্রতিরোধ দিয়ে বুলডোজারের গতি আটকে দেওয়া হলেও, আচমকা শুরু হয় লাঠিচার্জ। অভিযোগ তেমনটাই।
অভিযোগ, পুলিশ প্রতিরোধ ছত্রখান করতেই লাঠিচার্জ শুরু করে। তারপরেই সক্রিয় হয় বুলডোজার। তারপরেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠিচার্জের ঘটনায় আহত হয়েছেন একাধিক বিক্ষোভকারী।
তাঁদের বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাম্প্রতিক সময়ে, দমদম পেরিয়ে যাদবপুর , পুনর্বাসন ছাড়াই বেআইনি হকার উচ্ছেদের প্রতিবাদে, বারেবারে পথে নেমেছে বামেরা।
এর আগেও, একদিন বামদের সম্মিলিত প্রতিবাদের মুখে ঘুরে যেতে হয়েছিল বুলডোজার। রবিবার উচ্ছেদের আশঙ্কায় রাত বাড়ার আগেই, বাম কংগ্রেসের নেতারা জমায়েত করেন যাদবপুরের রেলস্টেশনের নির্দিষ্ট এলাকায়।
উপস্থিত সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী-সহ বাম, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস নেতা, কর্মীরা। হকার উচ্ছেদের ঘটনায়, বামেদের প্রথম থেকেই বক্তব্য ছিল, কমার্শিয়াল প্লট না দিয়ে, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা যাবে না।
কিন্তু রবিরার রাতে আর আটকানো গেল না বুলডোজার। বুলডোজারের উপস্থিতি দেখে, যাদবপুরে বাম-কংগ্রেস নেতারা জমায়েত শুরু করলেও শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল রেলের জমিতে থাকা দোকানঘর।















