আজকাল ওয়েবডেস্ক: বিস্ফোরক পোস্ট! বিধানসভা ভোটে হারের পর দলীয় কোন্দল মেটানোই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে সামাজিক মাধ্যমে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো বিরোধী দলের অন্দরে। 

সোমবার তাঁর একটি পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। কোনও রাখঢাক না রেখেই দলের একাংশের সাংগঠনিক ক্ষমতা ও জনভিত্তি নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন এই যুবনেতা।

এ দিন নিজের ফেসবুক ওয়ালে দেবাংশু লেখেন, “আজকে যারা দলের লোগো হাঁকিয়ে অধিবেশন করল, তারা সবাই সম্মিলিতভাবে ডাক দিয়ে পাঁচ হাজার কর্মী একত্রিত করতে পারবে?”

কারা এই অধিবেশন করলেন বা দেবাংশুর তির ঠিক কাদের দিকে, তা নিয়ে তিনি পোস্টে খোলসা করে কোনও নাম উল্লেখ করেননি।

সোম বিকেলে, জোড়াফুল প্রতীককে সামনে রেখে টিম ঋতব্রত যে বৈঠক করে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হচ্ছে অরূপ রায়কে। নতুন ওয়ার্কিং কমিটিও গঠন করা হয়েছে বলে খবর সূত্রের। 

জানা গিয়েছে, নতুন কমিটি গঠন করা হয়েছে ৩০ জনকে নিয়ে। সাধারণ সম্পাদক পদে থাকছেন- জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। সহ সভাপতি হয়েছেন-ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথীন ঘোষ। আখরুজ্জামান খান হয়েছেন কোষাধ্যক্ষ।

এই পুরো ঘটনার সূত্র ধরেই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমের মত 'মমতা-ঘনিষ্ট' নেতাদের কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় দলের পুরনো ও নতুন শিবিরের টানাপোড়েন আরও তীব্র হয়েছে। বহু জায়গাতেই মূল সংগঠন বনাম যুব সংগঠনের সমীকরণ নিয়ে অসন্তোষ দানা বাঁধছে। 

এই পরিস্থিতিতে দেবাংশুর মতো একজন প্রথম সারির যুবনেতার এই ‘খোঁচা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইতিমধ্যেই দেবাংশুর এই পোস্টের নিচে আছড়ে পড়েছে হাজার হাজার লাইক এবং মন্তব্য। একাংশ কর্মী যেখানে দেবাংশুর এই ‘স্পষ্টবাদিতা’কে সমর্থন জানিয়েছেন, অন্য অংশ আবার প্রশ্ন তুলছেন- দলের অভ্যন্তরীণ ক্ষোভ এভাবে হাটে হাঁড়ি ভেঙে সমাজমাধ্যমে আনা কতটা যুক্তিযুক্ত?