আজকাল ওয়েবডেস্ক: বীরভূমের রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামাঙ্কিত একটি রাস্তার নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে এসইউসিআই। দলের বীরভূম জেলা সম্পাদক মদন ঘটক এক বিবৃতিতে এই পদক্ষেপকে ইতিহাস বিকৃতির চেষ্টা বলে আখ্যা দিয়েছেন।

দলের দাবি, গত ৬ জুলাই রামপুরহাটে এক অনুষ্ঠানে বিজেপি বিধায়ক ধ্রুব সাহা পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত 'নেতাজি সুভাষ রোড'-এর নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়েছে।

এসইউসিআই-এর বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি দেশের ঐক্য, আত্মত্যাগ এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে তিনি স্বাধীনতার লড়াইয়ে দেশবাসীকে একত্রিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ গঠন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান কোনওভাবেই মুছে ফেলা সম্ভব নয়।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার উদ্দেশ্যেই জাতীয় নেতাদের গুরুত্ব খর্ব করার চেষ্টা চলছে। নেতাজির নামে দীর্ঘদিনের একটি রাস্তার নাম পরিবর্তন সেই বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্যেরই অংশ বলে দাবি করেছে দল। তাদের মতে, এই সিদ্ধান্ত শুধু নেতাজির স্মৃতির প্রতি অসম্মান নয়, স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাসের প্রতিও আঘাত।

এসইউসিআই অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে 'নেতাজি সুভাষ রোড' নাম পুনর্বহালের দাবি জানিয়েছে। পাশাপাশি নেতাজিপ্রেমী, গণতন্ত্রে বিশ্বাসী এবং ইতিহাস সচেতন সমস্ত মানুষের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বানও জানানো হয়েছে।

এ বিষয়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টি ঠিক জানা নেই। তাই না জেনে মন্তব্য করা ঠিক হবে না।