আজকাল ওয়েবডেস্ক: বিধানসভার সই জাল কাণ্ডে এবার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা। শনিবার সকালে তৃণমূল বিধায়কের ভবানীপুরের বাড়িতে যায় সিআইডি।

সেখানে তৃণমূল বিধায়ককে প্রায় আধঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত বিরোধী দলনেতা ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়ই।

পরে, বিদ্রোহী তৃণমূল বিধায়করা অভিযোগ করেন তাঁদের সই জাল করা হয়েছে। জানা গিয়েছে, এদিন সিআইডি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন শোভনদেব।

তিনি জানিয়েছেন, পরবর্তীকালেও সিআইডি তদন্তে সহযোগিতা করবেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, শোভনদেবকে তৃণমূলের বৈঠকের ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, সই জাল কাণ্ডে এর আগে অভিষেক ব্যানার্জি সহ একাধিক তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এই ঘটনায় একাধিকবার ভবানী ভবনে হাজিরা দিয়েছেন অভিষেক। কুণাল এবং অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে।

বিধানসভার সই কাণ্ডের তদন্তে এর আগে হরিশ মুখার্জি রোডে অভিষেক ব্যানার্জির বাড়িতে পৌঁছয় সিআইডি। হরিশ মুখার্জি রোডে অভিষেকের বাড়ি 188A শান্তিনিকেতন বিল্ডিংয়ে পৌঁছয় সিআইডির পাঁচ সদস্যের একটি দল। 

সেখানে তাঁরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। অনেকক্ষণ পরে বাড়ির ভিতর থেকে এক ব্যক্তি বেরিয়ে দাবি করেন, অভিষেক ব্যানার্জি বাড়িতে নেই। বাড়িতে বর্তমানে পরিবারের অন্য সদস্যরাও কেউ নেই। কোথায় গেছেন, তিনি জানেন না।

এরপর আধিকারিকরা ওই ব্যক্তির নাম, ঠিকানা নোট করেন। সিআইডি আধিকারিকরা তারপরেও বাড়ির বাইরেই দাঁড়িয়ে ছিলেন। বিধানসভার সই কাণ্ডের তদন্তে অভিষেককে একটি নোটিশ দিতেই আধিকারিকরা গিয়েছিলেন।

সেখান থেকে সিআইডি আধিকারিকরা অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে যান। গিয়ে তৃণমূল সাংসদের হাতে নোটিশ দিয়ে আসেন। পরবর্তীকালে ভবানী ভবনে হাজিরাও দিয়েছেন অভিষেক।

প্রসঙ্গত, এর আগে মমতা ব্যানার্জির কালীঘাটের মমতার বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে পৌঁছয় সিআইডি। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে ঢুকে, দীর্ঘক্ষণ তল্লাশি চালায়।

যদিও সেই তল্লাশি শেষে কিছু মেলেনি বলেই খবর। এছাড়া, বিধানসভার সই-জাল কাণ্ডে অভিষেক ব্যানার্জির বাড়িতেও গিয়েছিল সিআইডি টিম। এই কাণ্ডে, অভিষেক ব্যানার্জিকে টানা জিজ্ঞাসাবাদও করেছেন সিআইডি আধিকারিকেরা।

তার আগে সিআইডি'র তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান ২৯ ডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায়। সূত্রের খবর, ওই ঠিকানায় থাকেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক বোন। ওই ঠিকানার বহুতল আবাসনের প্রথম তলায় মমতা ব্যানার্জির আত্মীয়ের বাড়ি।