মিল্টন সেনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হঠাৎই মৃত্যু তরতাজা এক যুবকের। চুঁচুড়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই এলাকাজুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে চুঁচুড়ার পাঙ্খাটুলি এলাকার একটি গ্যারেজে চার্জে ছিল একটি টোটো। সেই টোটোতে হাত দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন বছর ২৫-এর ওই যুবক। নাম শেখ রোহিত।
প্রত্যক্ষদর্শীদের দাবি, চার্জে থাকা ওই টোটোটিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের সংস্পর্শে এসে আটকে পড়েন শেখ রোহিত। বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসতেই তাঁরা দ্রুত ছুটে যান সেখানে। রোহিতকে বিদ্যুৎ সংযোগ থেকে সরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনি অচৈতন্য হয়ে পড়েন।
জানা গিয়েছে, গ্যারেজটির পাশেই মৃত যুবকের বাবার একটি সবজির দোকান রয়েছে। রোহিত প্রায় প্রতিদিনই সেখানে যেতেন। রাতেও বাবার দোকানের পাশে সাইকেল নিয়ে এসে দাঁড়ায় এক ব্যক্তির টোটোর গ্যারেজে। আর সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।
ঘটনার পরপরই তাঁকে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তরুণ এই যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরী হয়েছে।
একই ভাবে, কিছু মাস আগে পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বেনাচাকড়ি গ্রামে একটি ঘটনা ঘটে। ইলেকট্রিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক ছাত্রের। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মৃতের নাম, সন্তোষ দাস। ১৭ বছর বয়সি ছাত্র জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠের একাদশ শ্রেণিতে পড়ত। একটি পান বরজের ইলেকট্রিক তারে জড়িয়ে মৃত্যু হল ওই ছাত্রের।
স্থানীয় প্রতিবেশীরা জানান, বেনাচাকড়ি গ্রামে নিরঞ্জন দাসের একটি পান বরজ আছে। সেই বরজের চতুর্দিকে সরু জিআই তার দিয়ে ইলেকট্রিক কানেকশন করে রেখেছেন। যাতে কেউ না আসতে পারে।
এদিকে ওই ছাত্র তার জমির বাদাম ক্ষেত থেকে হনুমান তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওই অভিশপ্ত পান বরজের পাশ দিয়ে। সে সময় ছাত্রটির পায়ে এবং হাতে পান বরজের অবৈধ ইলেকট্রিক তার জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে থাকে।
স্থানীয় গ্রামবাসীরা দৌড়ে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন। দ্রুত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে ও গ্রামবাসীরা ওই পান বরজের মালিক নিরঞ্জন দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায়।















