আজকাল ওয়েবডেস্ক: নবান্নতে নয়া মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেই, প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষেই তিনি পাঁচ মন্ত্রীকে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করে, স্পষ্ট কয়েকটি পয়েন্ট তুলে ধরেন। তাতে এক প্রকার স্পষ্ট, পুরনো সরকারের যেসব খামতির দিকে আঙুল তুলে, সুর চড়িয়ে, ক্ষমতায় এসেছেন, একেবারে শুরু থেকেই, সেদিকে নজর দিচ্ছেন তিনি। একদিকে যেমন প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়েছেন সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে, তেমনই সরকারি চাকরিপ্রার্থীদের বয়স নিয়েও বিরাট বার্তা দিয়েছেন তিনি।

 

প্রথম মন্ত্রিসভার বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নিল শুভেন্দু-ক্যাবিনেট-

 

সীমান্ত সুরক্ষার জন্য বড় পদক্ষেপ। আজ থেকেই রাজ্য সরকার  প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে। প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে দেবে রাজ্য সরকার। দায়িত্ব পালন করেবন মুখ্যসচিব  এবং ভূমি ও রাজস্ব সচিব। 

 

প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হল, বাংলায় যুক্ত হল আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল বাংলা। প্রায় সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বাংলায়। 

 

ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এ যুক্ত হল বাংলা।

 

সরকারি চাকুরীপ্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়ল পাঁচ বছর।  

 

বন্ধ হবে না চালু থাকা কোনও সামাজিক  প্রকল্প।

 

আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। 

 

আরজিকর, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক-দুর্নীতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে পরবর্তী বৈঠকে। 

 

শনিবার রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে, এবং বঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথ নিয়েই একগুচ্ছ কর্মসূচি সেরে ঘরের ছেলে ঘরে ফিরেছিলেন, মায়ের কাছে। ফের মেদিনীপুর টু কলকাতা। সোমবার সকাল থেকে পুনরায় একের পর এক কর্মসূচি। সেসবের মাঝেই পূর্বপরিকল্পিত সূচি মেনেই, নবান্নতে উপস্থিত হন নয়া মুখ্যমন্ত্রী। সল্টলেকের গেরুয়া শিবিরের কার্যালয় থেকে তিনি পৌঁছন নবান্নতে। সেখানেই তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে 'গার্ড অফ অনার' দেওয়া হয়। তারপরেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।