আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলেই ফের জরুরি বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

সন্ধ্যা ৬.৫৫ নাগাদ দিল্লিতে অবতরণ করবে মুখ্যমন্ত্রীর বিমান। সেখানে একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন তিনি। তবে মঙ্গলবারে কী নিয়ে শুভেন্দুর বৈঠক রয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

দিল্লিতে জরুরি বৈঠক সেরে আজই কলকাতার উদ্দেশে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাত ১১:৪৫ নাগাদ কলকাতা ফিরবেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি, মঙ্গলবার সকালেও একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর।

এদিন সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে জনতার দরবার রয়েছে। সোমবার মন্ত্রিসভার শপথের জন্য জনতার দরবার হয়নি। তার বদলে মঙ্গলবার বিজেপি কার্যালয়ে জনতার দরবার হবে।

সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। কলকাতায় কর্মসূচি সেরে দিল্লি যাওয়ার আগে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে হুগলি জেলার বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

বিজেপি সূত্রে খবর, সেখান থেকেই সোজা দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে বৃহস্পতিবার ২৮ মে, দিল্লি গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার মন্ত্রিসভার শপথ হয়েছে। সেখানে আরও একাধিক মন্ত্রী শপথ নিয়েছেন। বিজেপি সূত্রে খবর, বুধবার মন্ত্রীদের দপ্তর বন্টন করা হতে পারে।