আজকাল ওয়েবডেস্ক: ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। দলীয় পতাকা উত্তোলনের সময় ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে পতাকার খুঁটি স্পর্শ করতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক বিজেপি কর্মীর, গুরুতর আহত হন আরও তিনজন। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের পাঁচকুড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১০টা নাগাদ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল। সেই সময় অসাবধানতাবশত পতাকার লোহার খুঁটি পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই তড়িৎাহত হন চারজন বিজেপি কর্মী। ঘটনায় মৃত্যু হয়েছে পাপাই পান (২৬)-এর। গুরুতর আহত হয়েছেন মণ্ডল সভাপতি প্রবীণ হালদার, সুশান্ত দাস এবং নিপেন সিং।
ঘটনাস্থলে উপস্থিত কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাসপাতালে গিয়ে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এই মর্মান্তিক ঘটনায় রাজনৈতিক মহল ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তার ক্ষেত্রে কোথায় ত্রুটি ছিল, তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।















