আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একগুচ্ছ কড়া পদক্ষেপ করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সরকারি কর্মচারীদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
সংবাদমাধ্যমে তথ্য ফাঁস থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ, সব ক্ষেত্রেই সরকারি আধিকারিকদের ওপর এবার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। দ্রুত এই নির্দেশিকা কার্যকর করার কথাও ঘোষণা করা হয়েছে।
আর এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য আক্রমণ করেছেন রাজ্যের বিজেপি সরকারকে। ফেসবুকে একটি পোস্ট করে বিকাশরঞ্জন লিখেছেন, ‘এবার থেকে মুখ খুললেই চাবুক।’ পোস্টে বিকাশরঞ্জন লেখেন, ‘শুভেন্দু বাবুর নেতৃত্বে পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি হয়েছে। সকাল থেকে বহু মানুষ ঐ নির্দেশিকা সম্পর্কে জানতে চেয়েছেন। নির্দেশিকা টা পড়ে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো, আগামী দিনে প্রশাসনিক দুর্নীতি আড়াল করার প্রস্তুতি। কেউ কিছু বলো না। দুর্নীতি চলবে। চুপ করে থাকতে হবে। মুখ খুললেই চাবুক। এটাই হবে নব্য ফ্যাদসিবাদীদের প্রশাসনিক দায়িত্ব।’

মুখ্যসচিব মনোজ আগারওয়াল এই নির্দেশিকা জারি করেন। এই নির্দেশিকা রাজ্যের সমস্ত দপ্তর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি এই নির্দেশিকা দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী কোনও সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকী বেসরকারি ভাবে তৈরি বা স্পনসরড অনুষ্ঠানেও যোগদানের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
রাজ্যে সকল আইএএস, ডবলিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস-এর আধিকারিকদের এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য সরকারি কর্মচারী, জেল কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, পুরসভা, পুর নিগম ও স্বশাসিত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও এই নির্দেশিকা বহাল রয়েছে।
মুখ্যসচিবের নির্দেশ, কোনও সংবাদমাধ্যমে সরকারি তথ্য, নথি বা প্রশাসনিক কাগজপত্র প্রকাশ করাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মচারী সংবাদপত্র, পত্রিকায় লেখালেখি, কোনও পত্রিকা সম্পাদনা, পরিচালনার সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।
কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়ম ও সিদ্ধান্তের বিরুদ্ধে অযথা সমালোচনা করা ও নেতিবাচক মন্তব্য করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।















