আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটতেই উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। এবার মনোহরপুর বাজার এলাকায় দেখা গেল চাঞ্চল্যকর ছবি। রাতের অন্ধকারে রাস্তার ধারে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তিনটি ‘বলির কাঠ’। আর সেই কাঠে ঝোলানো কাগজে একের পর এক তৃণমূল নেতার নাম! 

 

শুধু তাই নয়, কাগজে লেখা “২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর নেপাল মানিক কেন ঘরছাড়া হয়েছিল? কেন হয়েছিল পুলিশ কেস? তার জবাব দিতে হবে!” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাগজে মোট ১২ জন তৃণমূল নেতা-কর্মীর নাম লেখা ছিল। 

 

সকালে বাজার এলাকায় এই দৃশ্য চোখে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে অবশ্য তড়িঘড়ি সরিয়ে ফেলা হয় সেই বলির কাঠ। ঘটনাকে ঘিরে তীব্র অভিযোগ তুলেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তথা ব্লক সভাপতি সূর্যকান্ত দোলই। 

 

তাঁর অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় তৃণমূল কর্মীদের উপর লাগাতার হামলা চলছে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও মারধর আর এবার প্রকাশ্যে “বলির হুমকি”! 

 

সূর্যকান্তর দাবি, বিজেপি পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। মণ্ডল বিজেপির সভাপতি সবুজ মজুমদার বলেন, “ঘটনার কথা শুনেছি। তবে বিজেপির কেউ এই কাজ করেনি। এলাকায় কিছু মানুষের ক্ষোভ থেকেই এই ধরনের ঘটনা হয়ে থাকতে পারে।” 

 

রাজনৈতিক প্রতিহিংসার এই ভয়ঙ্কর বার্তা ঘিরে এখন থমথমে মনোহরপুর বাজার এলাকা। ভোট-পরবর্তী অশান্তির আবহে ‘বলির কাঠ রাজনীতি’ নতুন করে বাড়িয়ে দিল রাজনৈতিক উত্তাপ।