আজকাল ওয়েবডেস্ক: বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে পুলিশের মারধরে শোরগোল পড়ে যায়। সেই মারধরের ঘটনায় অবশেষে সাসপেন্ড করা হল বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে ও সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে।
বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার (৫ মে, ২০২৬) রাতে মামুদপুরে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশ্বজিৎ পাল। অভিযোগ, সেই সময়ই পুলিশ সেখানে হানা দেয়। অশান্তি ছড়ানোর অভিযোগ তুলে বিশ্বজিৎকে জোর করে তুলে আনে পুলিশ। বিজেপি প্রার্থী বিশ্বজিতের অভিযোগ, “কোনও কারণ ছাড়াই পুলিশ আমাকে চড় মারে। টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। ধস্তাধস্তিতে আমার চশমা ভেঙে যায়।” তাঁকে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর রাতেই ছেড়ে দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর পুলিশ জেলার সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিশ্বজিৎ পাল। চিঠিতে তিনি দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বারুইপুর পুলিশ জেলার সুপার জানান, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
বিজেপির জেলা নেতৃত্বের দাবি, ভোটের ফল বেরোতেই পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে। জনপ্রতিনিধিকে এভাবে হেনস্থা করা যায় না। আমরা এর শেষ দেখে ছাড়ব।
এসবের মধ্যেই কড়া পদক্ষেপ করা হল। সাসপেন্ড করা হল বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে ও সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাসকে।















