আজকাল ওয়েবডেস্কঃ আজ দেশজুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। ১৯৯৯ সালের ভারতের লড়াকু বীর সৈনিকদের রবিবার 'মন কি বাত'- এ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যেও মহাসমারোহে উদযাপন করা হয়েছে কার্গিল বিজয় দিবসের। সেই উপলক্ষেই পরিবর্তন করা হল ব্যারাকপুর সেন্ট্রাল রোডের নাম। পরিবর্তিত নাম ক্যাপ্টেন শেখর ঘোষ সরণি। 

জানা গিয়েছে, কার্গিল যুদ্ধের বীর সৈনিক শহীদ ক্যাপ্টেন শেখর ঘোষের নামেই নামাঙ্কিত করা হল ব্যারাকপুর সেন্ট্রাল রোডকে। ২০০০ সালের ১২ আগস্ট জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে জঙ্গি দমনের সময় শত্রুর গুলিতে গুরুতরভাবে আহত হন ব্যারাকপুরের বাসিন্দা ক্যাপ্টেন শেখর ঘোষ। মাত্র ২৪ বছর বয়সে শহীদ হন এই সাহসী যোদ্ধা। দেশের প্রতি তাঁর এই সর্বোচ্চ আত্মত্যাগ, অসাধারণ নেতৃত্ব ও সাহসিকতার জন্য ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে মরণোত্তর বীরত্বসূচক সম্মান সৌর্য চক্রে ভূষিত করা হয়।

ব্যারাকপুর আনন্দপুরী স্টেট ব্যাঙ্ক থেকে মসজিদ মোড় সংযোগকারী ব্যারাকপুরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা ব্যারাকপুর সেন্ট্রাল রোড। সেই রাস্তার নামই শহীদ ক্যাপ্টেন শেখর ঘোষ সরণিতে পরিবর্তন করা হল। এ দিন ওই রাস্তায় নতুন ফলক উন্মোচন করে রাস্তার নামকরণ করেন শহীদ ক্যাপ্টেন শেখর ঘোষের মা ইরা ঘোষ, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক যাদব সুরিয়াবান আচ্ছেলাল, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক আইনজীবী কৌস্তব বাগচী, নাট্যকার চন্দন সেন, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা এবং ব্যারাকপুরের বিশিষ্ট চিকিৎসকেরা।

উল্লেখ্য, কিছুদিন আগেই রাস্তার নাম পরিবর্তনের দাবিতে সরব হন বর্তমান বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী সেই দাবি জানিয়ে তিনি পূর ও নগরায়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে একটি প্রস্তাবও রাখেন। শেষমেশ সেই দাবিই বাস্তাবায়িত হতে চলেছে।