আজকাল ওয়েবডেস্ক: নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায় এক স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিকাশ দাস (৪৯)।
পরিবারের অভিযোগ, ব্যবসায়িক শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ধারাল অস্ত্রের একাধিক কোপ মারার পর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দোকান বন্ধের পর বন্ধক রাখা সোনার গয়না ছাড়াতে আসার কথা থাকায় দোকানেই অপেক্ষা করছিলেন বিকাশ দাস। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দোকানে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
অভিযোগ, দুষ্কৃতীরা দোকান থেকে সোনার গয়না এবং প্রায় তিন লক্ষ টাকা নগদ লুট করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।















