আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজ্যে প্রথম বার ক্ষমতায় পদ্মশিবির। নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। তৃণমূল জমানায় চারবার বিধায়ক, বিজেপি হয়ে একবার সংসদ, আবার ফের বিধায়ক। সূত্রের খবর, পাঁচবারের বিধায়ক, একবারের সংসদ এবং পোড় খাওয়া রাজনীতিবিদ অর্জুন সিং এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই লোক ভবন থেকে অর্জুন সিং এর কাছে ফোন এসেছে মন্ত্রিত্বের শপথ গ্রহণের জন্য। আজ মন্ত্রী হিসাবে শপথ নিতে চললেন অর্জুন সিং। দীর্ঘদিন রাজনীতির ময়দানে। প্রথমে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে আসীন ছিলেন। পরে বিধায়ক এবং সাংসদ হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান। নোয়াপাড়া কেন্দ্র জয়লাভ করেন অর্জুন। আজ রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ। আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁরও যোগ দেওয়ার কথা। মন্ত্রীত্বের ডাক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই তিনি তাঁর বাড়ির সামনে মন্দিরে পুজো দেন। তারপর কাঁকিনাড়া বাজার ফলহারি বাবা মন্দিরে পুজো দেন।
এ দিন সাংবাদিকের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, "সরকার আমার যে দায়িত্ব দেবে সেটাই নিষ্ঠার সাথে পালন করব। তবে আজকে থেকে দায়িত্ব অনেক বেড়ে গেল। সূত্রের খবর পরিবহন দপ্তরের দায়িত্ব পেতে চলেছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। যদিও এর পাশাপাশি শ্রমদপ্তরের দায়িত্ব মিলতে পারে বলে শোনা গিয়েছে।















