আজকাল ওয়েবডেস্ক: সাংগঠনিক স্তরে বড়সড় রদবদলের ঘোষণা করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। বুধবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় কংগ্রেসের তরফে দুই রাজ্যে দুই নেতাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, গুলাম আহমেদ মিরকে তামিলনাড়ু এবং পুদুচেরিতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন পশ্চিমবঙ্গে কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি।

অন্যদিকে, উত্তরাখণ্ডের কংগ্রেস নেতা প্রকাশ জোশীকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে বিধানসভা নির্বাচনে বাংলায় পর্যবেক্ষক হিসেবে কাজ করেছিলেন।

ফলে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক কর্মকাণ্ড ও আগামী রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে তিনিই দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি হিসেবে কাজ করবেন।

বুধবার অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের সাধারণ সম্পাদক কে. সি. ভেনুগোপাল-এর স্বাক্ষরিত এই নির্দেশিকায় জানানো হয়েছে, নতুন নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে। এই সাংগঠনিক পরিবর্তনকে আগামী দিনে বিভিন্ন রাজ্যে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।