আজকাল ওয়েবডেস্কঃ প্রকাশিত হল রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর ফল প্রকাশের পরই ফের একবার রাজ্যের শিক্ষা মহলে নজর কাড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। আগের বছরের ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবার রাজ্যে প্রথম স্থান অধিকার করেছেন মিশনের ছাত্র আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।


আদৃতের এই অসাধারণ সাফল্যে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে বিদ্যালয় ও গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে। ফল প্রকাশের পর থেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে। শিক্ষকরা জানিয়েছেন, আদৃত অত্যন্ত মেধাবী, শান্ত স্বভাবের এবং নিয়মানুবর্তী ছাত্র। পড়াশোনার প্রতি তার একাগ্রতা ও কঠোর পরিশ্রমই তাকে এই সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।


এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৪ জন ছাত্রছাত্রী। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকেই রয়েছেন ১৯ জন মেধাবী ছাত্রছাত্রী। জেলার এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিক্ষা মহল। বিশেষজ্ঞদের মতে, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার মান ও শিক্ষার পরিবেশের উন্নতির ফলেই প্রতিবছর ভালো ফলাফল উঠে আসছে।


নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ধারাবাহিক সাফল্য আবারও প্রমাণ করল, সঠিক দিশা, নিয়মিত অনুশীলন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ থাকলে ছাত্রছাত্রীরা বড় সাফল্য অর্জন করতেই পারে। আদৃত পালের এই কৃতিত্ব আগামী দিনের পরীক্ষার্থীদের কাছেও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলেই মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।