আজকাল ওয়েবডেস্ক: সাধের সেবাশ্রয় চালু করেছিলেন। চেয়েছিলেন রাজ্যের অন্যান্য লোকসভার সামনে নিজের লোকসভা কেন্দ্রকে মডেল হিসেবে তুলে ধরবেন। তৃণমূল জমানা শেষ হতেই, সাধের সেবাশ্রয়ই দিনে দিনে বিপাকে ফেলছে ডায়মন্ড হারবারের সাংসদকে। একের পর এক মারাত্মক অভিযোগ। ভুয়ো চিকিৎসক, হাতুড়ে চিকিৎসক, আইন অমান্য থেকে ভুল ওষুধ, পাহাড় জমছে অভিষেকের বিরুদ্ধে অভিযোগের। সমানে আসছে ভুক্তভোগীদের বিস্ফোরক বয়ান। এবার ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববি অভিযোগ তুলেছেন, সেবাশ্রয়-এর ভুলেই, পা বাদ গিয়েছে এক মহিলার। ঘটনায়, অভিষেক ব্যানার্জি-সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের হয়, রবীন্দ্রনগর থানায়।

অভিজিৎ জানান, 'পায়ে যন্ত্রণা নিয়ে, সেবাশ্রয় ক্যাম্পে যান মালতী বিশ্বাস। সেখানে যাওয়ার পর তাঁকে বেশকিছু ওষুধ দেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় মডেল ক্যাম্পে এবং সেখান থেকে রেফার করা হয় বাঙ্গুরে।' বিজেপি নেতার অভিযোগ, 'সেবাশ্রয় ক্যাম্প থেকে গিয়েছিল বলে, কোনও গুরুত্ব দেওয়া হয়নি। পায়ের শিরা কেটে বাদ দিয়ে, পরিস্থিতি এমন হয়, পা কেটে বাদ দিতে হয়। অভিষেক ব্যানার্জির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাড়া দেননি। সেবাশ্রয় নিয়ে একটা চক্র চলেছে এখানে।'
মালতী বিশ্বাসের ছেলে জানান, 'মায়ের সামান্য হাঁটু ব্যথা নিয়েই অভিষেক ব্যানার্জির ক্যাম্পে নিয়ে গিয়েছিলেম। সম্পূর্ণ ভাল ভাবে হাঁটতে পারত।' অভিযোগ ভুল চিকিৎসার পর তাঁদের রেফার করা হয় একাধিক হাসপাতালে। অন্যদিকে ক্রমেই খারাপ হতে থাকে পায়ের অবস্থা। অভিযোগ, ভুল অস্ত্রোপচার করা হয়, এবং মালতীর পায়ের শিরা কেটে ফেলা হয়। মালতীর ছেলে বলেন, 'একাধিকবার সাংসদের অফিসে গিয়েছি, একবার দেখা করার সুযোগ পাইনি। সাংসদের অফিসের যে নম্বর ছিল, সেই নম্বরেও ফোন ধরতেন না কেউ।'















