আজকাল ওয়েবডেস্ক: হাতে কোদাল, পাশে জব কার্ডধারী শ্রমিকরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর ১০০ দিনের কাজ ফের চালুর সূচনালগ্নে একেবারে মাঠে নেমে কাজের বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকের জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (মনরেগা) পুনরায় সূচনা অনুষ্ঠানে কোদাল হাতে দেখা যায় তাঁকে। শ্রমিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রতীকীভাবে মাটি কেটে কাজেরও সূচনা করেন মন্ত্রী।
মঙ্গলবার জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় মাটি কাটা কাজের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করা হয়। সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাস থেকে বিভিন্ন অভিযোগ ও প্রশাসনিক জটিলতার কারণে পশ্চিমবঙ্গে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। অবশেষে কেন্দ্রের অনুমোদনের পর ৯ জুন ২০২৬ থেকে ফের চালু হয়েছে ১০০ দিনের কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন আধিকারিক, পঞ্চায়েত প্রতিনিধিরা এবং এলাকার বহু জব কার্ডধারী শ্রমিক।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “গ্রামীণ এলাকার মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।” প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের পাশাপাশি জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন এবং সম্পদ সৃষ্টির কাজও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে, তা দূর করতেই এই উদ্যোগ বলে জানান তিনি।
৮ জুন কেন্দ্রীয় গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান একটি চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে রাজ্যে পুনরায় ১০০ দিন কাজ শুরু কথা জানিয়েছেন। চলতি ২০২৬ সালের জুন মাসের জন্যই কেন্দ্রীয় মন্ত্রক বাংলায় ১৫৩ লক্ষ শ্রম-দিবসের অনুমোদন দিয়েছে। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিক, যাঁরা দীর্ঘদিন ধরে কর্মসংস্থান এবং বকেয়া মজুরির সমস্যায় ভুগছিলেন, তাঁরা আবার কাজ ফিরে পাবেন। কেন্দ্রের আশা, রাজ্য সরকার এই সুযোগের সঠিক ব্যবহার করে প্রতিটি যোগ্য আবেদনকারীর কাছে স্বচ্ছতার সঙ্গে কাজ পৌঁছে দেবে।















