আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন তারকা ফুটবলার। তাঁর পরিবর্তে দলে সুযোগ পেলেন আরেক তারকা।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেরই কৌতূহল বাড়তে পারে। ব্রাজিলের একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ওয়েসলি চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে এডারসনকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে।
ইতালির ক্লাব রোমার ডিফেন্ডার ওয়েসলি শনিবার মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে চোট পান। ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিল ২-১ গোলে জয় পেলেও ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন ২২ বছর বয়সী এই ফুটবলার। পরে এমআরআই স্ক্যানে ধরা পড়ে, তাঁর বাঁ-থাইয়ের পেশিতে গুরুতর চোট লেগেছে। ফলে বিশ্বকাপে তাঁর পক্ষে খেলা আর সম্ভব নয়।

ওয়েসলির চোটে সবচেয়ে বড় সমস্যায় পড়েছেন ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তি। কারণ ২৬ সদস্যের দলে ওয়েসলিই ছিলেন একমাত্র স্বীকৃত রাইট-ব্যাক। এখন সেই জায়গা সামলানোর জন্য অভিজ্ঞ দানিলো অথবা রজার ইবানেজের মতো বহুমুখী ডিফেন্ডারদের উপর ভরসা করতে হবে অ্যানচেলোত্তিকে।
এক বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, ''ওয়েসলির চোটে আমরা অত্যন্ত দুঃখিত। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।''
ওয়েসলির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ইতালির ক্লাব আটলান্টার মিডফিল্ডার এডারসন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের আন্তর্জাতিক অভিজ্ঞতা সীমিত হলেও তিনি ব্রাজিলের হয়ে ইতিমধ্যেই কয়েকটি ম্যাচ খেলেছেন। সোমবার তিনি যুক্তরাষ্ট্রে ব্রাজিল শিবিরে যোগ দেবেন বলে জানিয়েছে সিবিএফ।
বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে রয়েছে ব্রাজিল। তাদের গ্রুপে রয়েছে মরোক্কো, হাইতি ও স্কটল্যান্ড।















