আজকাল ওয়েবডেস্ক: জার্মানির ফুটবল ইতিহাসে আরও একটি কালো অধ্যায়। রাউন্ড অফ ৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে জার্মানি। শুরুতে পিছিয়ে পড়ে জার্মানি। জুলিও এনকিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কাই হ্যাভার্টস। নব্বই মিনিটের শেষে খেলা ১-১ গোলে শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে জোনাথন তাহের গোলে এগিয়ে যায় জার্মানি। কিন্তু আবার ভিলেন সেই VAR। বাতিল করা হয় গোল। দাবি, জার্মান সেন্টারব্যাকের হেডে গোলের আগে প্যারাগুয়ের গোলকিপারকে ফাউল করা হয়। VAR টিম জানায়, তাহের গোলের বিল্ডআপের সময় প্যারাগুয়ের গোলকিপার অরল্যান্ডো গিলকে ফাউল করেন ওয়ালদেমার অ্যান্টন। মরক্কোর রেফারি জালাল জায়েদ নিজে গিয়ে স্ক্রিনে দেখার পর গোল বাতিল করার সিদ্ধান্ত নেন। 

রেফারির সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ হয় জার্মান শিবির। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালান শিয়ারার বলেন, 'খুব কঠিন সিদ্ধান্ত। তবে আমি এই সিদ্ধান্ত মানি না।' তিনি আরও জানান, গোলকিপারের সঙ্গে অ্যান্টনের সংঘর্ষ খুবই হালকা ছিল। ফাউল নাও দিতে পারত। বিশেষ করে যখন ১৩ জন প্লেয়ার পেনাল্টি বক্সের মধ্যে ছিল। শিয়ারার বলেন, 'ও খুব সহজেই পড়ে যায়। হালকা ছোঁয়া লেগেছিল, তবে এটা ফিজিক্যাল স্পোর্টস। ছয় গজের বক্সে ১৩ জন ছিল। হতেই পারে। আমার জন্য এটা ফাউল নয়। খুব সূক্ষ্ম টাচ হয়েছিল।'

শিয়ারারের সঙ্গে একমত আগের বিশ্বকাপের ফাইনালের দায়িত্বে থাকা সহকারী রেফারি ড্যারেন ক্যান। তবে পাশাপাশি জানান, এই ধরনের সিদ্ধান্ত গোলকিপারের পক্ষে যেতে পারে। তিনি বলেন, 'খুব সূক্ষ্ম সিদ্বান্ত। তবে সিদ্ধান্তে আমি অবাক নই। গোলকিপারকে হালকা ব্লক।' খেলা পেনাল্টিতে গড়ানোর পরও ফেভারিট ছিল জার্মানি। বিশ্বমঞ্চে পেনাল্টিতে তাঁদের অনবদ্য রেকর্ডের জন্য। কিন্তু তিনটে পেনাল্টি মিস করে জার্মানরা। এদিকে দুটো পেনাল্টি মিস করলেও, শেষপর্যন্ত শেষ ষোলোর ছাড়পত্র সংগ্রহ করে নেয় প্যারাগুয়ে।