আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে নরওয়ের ঐতিহাসিক যাত্রা কোয়ার্টার ফাইনালেই শেষ হয়েছে। কিন্তু আর্লিং হালান্ডকে নিয়ে চর্চার শেষ নেই। দেশে ফেরার পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নরওয়ের তারকা স্ট্রাইকার। তবে এবার ফুটবল নয়, অন্য একটি কারণে। যুক্তরাষ্ট্র থেকে সঙ্গে করে আনা এক অদ্ভুত স্মারকই কেড়ে নিল সবার নজর। সোমবার নরওয়ে দলের বিমান ওসলোর গার্ডারমোয়েন বিমানবন্দরে অবতরণ করার পর লাল গালিচায় হাঁটতে দেখা যায় হালান্ডকে। তাঁর এক হাতে ছিল ৭৫০ মার্কিন ডলার মূল্যের একটি ট্যাক্সিডার্মি করা রাকুন। যার হাতে ধরা একটি হুইস্কির বোতল। অন্য হাতে ছিল একটি ব্যাগ। যাতে ছিল তাঁর ব্যক্তিগত সামগ্রী। বিমানবন্দরে তোলা সেই ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করে হালান্ড মজার ছলে লেখেন, 'It followed me home.' বাংলায় তরজমা করলে দাঁড়ায়, ও নিজেই আমার পেছন পেছন বাড়ি চলে এসেছে।
প্রশ্ন হল, হঠাৎ মার্কিন মুলুক থেকে বিশ্বকাপ খেলে ফেরার পথে রাকুন আনলেন কেন? এই অদ্ভুত স্মারক কেনার গল্প শুরু হয় জুলাইয়ের শুরুতে। বিশ্বকাপ চলাকালীন নরওয়ে দলের টেক্সাস সফরের ফাঁকে ডালাসের বিখ্যাত 'ওয়াইল্ড বিলস ওয়েস্টার্ন স্টোর'-এ যান হালান্ড। সেখানে আমেরিকার দক্ষিণাঞ্চলের সংস্কৃতির সঙ্গে মানিয়ে তিনি একটি কালো কাউবয় হ্যাট, চামড়ার বুট এবং একটি টি-শার্ট কেনেন। দোকানে ঘুরতে গিয়েই তাঁর নজর পড়ে বিভিন্ন ট্যাক্সিডার্মি সংগ্রহের দিকে। শেষপর্যন্ত তিনি কিনে নেন 'হুইস্কি রাকুন' নামে পরিচিত রাকুনের মডেল। যেখানে একটি সংরক্ষিত রাকুনের হাতে মদের বোতলসহ সাজানো হয়েছে।
বিশ্বখ্যাত এই ফুটবলারের আগমনে উচ্ছ্বসিত হয়ে দোকান কর্তৃপক্ষ হালান্ডের ছবি তাদের ওয়েবসাইটের প্রথম পাতায় প্রকাশ করে। এর পরই শুরু হয় 'হালান্ড ইফেক্ট'। ৭৫০ ডলারের সেই ট্যাক্সিডার্মি রাকুন অল্প সময়ের মধ্যেই অনলাইনে সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। বিশ্বজুড়ে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা সামাল দিতে আন্তর্জাতিক শিপিং ব্যবস্থাও দ্রুত চালু করতে বাধ্য হয় সংস্থাটি।
প্রসঙ্গত, বিশ্বকাপে নতুন ইতিহাস লেখে নরওয়ে। সেই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হালান্ড। প্রথমবারের মতো দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে তাঁর অবদান ছিল অনন্য। শেষ ষোলোয় ব্রাজিলকে হারিয়ে চমক দেওয়া নরওয়ে শেষপর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। টুর্নামেন্টে সাত গোল করে দেশের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন ম্যান সিটির তারকা। মার্কিন মুলুক থেকে রাকুন নিয়ে ফিরলেও এখনও জানা যায়নি, আসন্ন প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টারে ফেরার সময় 'হুইস্কি রাকুন'টিও হালান্ডের সঙ্গী হবে কি না। তবে বিশ্বকাপের সবচেয়ে ব্যতিক্রমী স্মারক হিসেবে এটি ইতিমধ্যেই সমর্থকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।
















