আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে আদ্যোপান্তভাবে জড়িয়ে বিতর্ক। দাবি, রেফারি এবং ভার-এর সাহায্যও পাচ্ছেন লিওনেল মেসিরা। তারওপর ফিফার পক্ষপাতিত্ব। তারই মধ্যে রেফারি বিতর্ক আরও উস্কে দিলেন আয়মেরিক লাপোর্তে। স্পেনের ডিফেন্ডার দাবি করেন, ফুটবলে অতিরিক্ত আগ্রাসনের শাস্তি হওয়া উচিত। বিশ্বকাপ ফাইনালের আগে অকপট স্প্যানিশ ডিফেন্ডার। জানান, শেষ কয়েকটা আর্জেন্টিনার ম্যাচে রেফারির সিদ্ধান্তে তিনি অবাক। চলতি বিশ্বকাপে ফিজিক্যাল ফুটবল খেলছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিরুদ্ধে যা স্পষ্ট ছিল। রেফারির কয়েকটি সিদ্বান্ত তিনি অবাক। একাধিক ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারদের কোনও শাস্তি হয়নি। ফলে তিনিও পক্ষপাতিত্বের গন্ধ পাচ্ছেন।
লাপোর্তে বলেন, 'আমি ফুটবলে আগ্রাসন নিয়ে চিন্তিত নই। রেফারি যদি নিজের কাজ করে, তাহলে কোনও চিন্তা করতে হয় না। তবে সম্প্রতি কয়েকটা ম্যাচে কিছু ক্ষেত্রে আমরা অবাক হয়ে যাই। অনেককে কোনও শাস্তির মুখে পড়তে হয়নি। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে। ফুটবলে কোনওভাবেই এটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। কারণ এটা অন্য দলের মানসিকতায় প্রভাব ফেলতে পারে।' নিজেদের খেলার উদাহরণ দেন স্পেনের স্টপার। দাবি করেন, কোনও কড়া চ্যালেঞ্জ করেনি স্পেন। বরং, ন্যায়সঙ্গত দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে।
লাপোর্তে বলেন, 'টুর্নামেন্টের শুরু থেকে এই বিষয়ে আমরা ভাল। আমরা আমাদের প্রতিপক্ষকে মারার চেষ্টা করি না। বা কোনও কড়া চ্যালেঞ্জ করি না। আমার মতে, এই ম্যাচেও আমাদের তেমনই করা উচিত। তবে এটাও সত্যি, রেফারিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করবে।' ফ্রান্সকে ২-০ তে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াকু ফুটবলে জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। সোনার বুটের দৌড়ে মেসি। সেমিফাইনালে দুটো অ্যাসিস্ট করে কিলিয়ান এমবাপেকে ছাপিয়ে গিয়েছেন।
















