আজকাল ওয়েবডেস্ক: ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে স্পেন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে নামেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে টপ নেট ফিনিশ। ২০১০ এর পর দ্বিতীয় বিশ্বকাপ। এই যাত্রায় কয়েকটা রেকর্ড ভাঙে লা রোজারা। 

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ক্লিনশিট। আটের মধ্যে সাত ম্যাচে গোল খায়নি স্পেন। এর ফলে স্বাভাবিকভাবেই এবারের বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করে লুইস ডে লা ফুয়েন্তের দল। গ্রুপ পর্ব এবং নক আউট মিলে মাত্র এক গোল খেয়েছে। সবচেয়ে বর্ষীয়ান কোচ হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন ফুয়েন্তে। তাঁর বয়স ৬৫ বছর ২৯ দিন। পুরুষদের প্রতিযোগিতামূলক ম্যাচে সবচেয়ে বেশি অপরাজিত। টানা ৩৮ ম্যাচে হারেনি স্পেন। বিশ্বকাপ জয়ের পাশাপাশি এই রেকর্ডগুলোও করে লা রোজারা। 

অন্যদিকে অপ্রত্যাশিত রেকর্ড আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে লালকার্ড দেখে এনজো ফার্নান্দেজ মাঠ ছাড়ার পর দশজনে হয়ে যায় আর্জেন্টিনা। পাও কুবার্সিকে ফাউল করে দ্বিতীয় হলুদকার্ড দেখেন। এর ফলে ব্রাজিলের সঙ্গে একই সারিতে চলে এল আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি লালকার্ড। ১১টি কার্ড দেখে ফেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। 

২৬ বছরের ফেরান তোরেসের গোলে জেতে স্পেন। লা লিগায় বার্সেলোনার হয়ে খেলেন। রবিবার রাতে স্পেনের পরিত্রাতা তিনিই। নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বার্সা স্ট্রাইকারের ১০৬ মিনিটে করা গোলে চ্যাম্পিয়ন স্পেন। নব্বই মিনিট গোলশূন্যভাবে শেষ হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও ফয়সালা হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের থেকে বল পেয়ে বাঁ পায়ের গোলার মতো শটে তিকাঠিতে রাখেন।