আজকাল ওয়েবডেস্ক: বিশ্বমঞ্চে মেসি-রোনাল্ডো দ্বৈরথ চিরকালীন। দীর্ঘদিন ধরে চলছে, অনন্তকাল ধরে চলবেও। কিন্তু তাঁর বিশেষ রাতে লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন? এটা মেনে নিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর্জেন্টাইন তারকাকে নিয়ে উত্তর দিতে একেবারেই রাজি ছিলেন না। পর্তুগালের পাঁচ গোলে জয়ে জোড়া গোল সিআরসেভেনের। ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন রোনাল্ডো। ফেলে আসা সপ্তাহ তাঁর কাছে কতটা অন্ধকার ছিল, সেই নিয়ে জানান পর্তুগিজ তারকা। ঢেলে দেন আবেগ। জানান, তাঁর মনে হচ্ছিল অবসর নিয়ে ফেলেছেন। বরাবরই স্পটলাইটে থাকতে ভালবাসেন। মঙ্গলবার হিউস্টনের রাতটা তাঁরই। তারমধ্যেও মেসি? উত্তর দিতে চাননি। মেসি প্রসঙ্গে প্রশ্ন শুনে সংশ্লিষ্ট সাংবাদিককে অগ্রাহ্য করেন। তাঁর প্রশ্নের মাঝপথেই অন্য প্রশ্নে চলে যান।
ফুটবল জীবনের সায়াহ্নে এসেও শিরোনামে দুই বিশ্বতারকা। দু'ম্যাচে পাঁচ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে মেসি। অন্যদিকে প্রথম ম্যাচে গোলশূন্য থাকার পর উজবেকিস্তানের বিরুদ্ধে জোড়া গোল রোনাল্ডোর। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মেসি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মেসিকে নিয়ে প্রশ্ন করা সাংবাদিককে অগ্রাহ্য করেন রোনাল্ডো। সবে প্রশ্ন শুরু করেছিলেন। বলেন, আগের দিন লিওনেল মেসি দু'গোল করেছে, কিলিয়ান এমবাপে...।' কিন্তু অন্যদিকে মাথা ঘুরিয়ে, পরের প্রশ্নে চলে যান রোনাল্ডো।
আরেক সাংবাদিক সরাসরি জিজ্ঞেস করে, এই নিয়ে কোনও প্রশ্ন করা যাবে কিনা। উত্তরে রোনাল্ডো বলেন, 'প্রশ্নের ওপর নির্ভর করে, নয়ত আমি উত্তর দেব না।' বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল। এই প্রসঙ্গে প্রশ্ন করতেই রোনাল্ডো বলেন, 'আমি জানি না কিভাবে উত্তর দেব। এই প্রশ্নের বিশেষ অর্থ নেই।' নিজের রাতে মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা অপছন্দ পর্তুগিজ তারকার। বরাবরই নিজের মর্জির মালিক। সেই পরম্পরাই অব্যাহত রাখেন পর্তুগিজ তারকা।















