আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর চাকরি খুইয়েছেন রবার্তো মার্টিনেজ। পর্তুগালের নতুন কোচ হিসেবে অভিজ্ঞ জর্জ জিসেসকে নিযুক্ত করা হয়েছে। ৭১ বছরের কোচের নাম ঘোষণার দু'দিন আগে ইস্তফা দেন মার্টিনেজ।অতীতে টপ পর্তুগিজ ক্লাব বেনফিকা এবং স্পোর্টিং লিসবনে কোচিং করিয়েছেন জিসেস। সৌদির ক্লাব আল নাসেরেরও কোচ ছিলেন। তাঁর কোচিংয়ে খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের পর পর্তুগিজ তারকার জাতীয় দলে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। নতুন কোচ যোগ দেওয়ার পর সেটা আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, জাতীয় দলের কাঁটা হতে পারেন রোনাল্ডো। কিন্তু এমন ভাবছেন না জিসেস। পর্তুগালের নতুন কোচ দাবি করলেন, তাঁর এবং দলের জন্য কোনওদিন সমস্যা হবে না রোনাল্ডো। 

জিসেস বলেন, 'ক্রিশ্চিয়ানো জাতীয় দল, বা আমার জন্য কোনওদিন কোনও সমস্যা হবে না।' বরং পর্তুগালের অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ। দেশের অন্যতম সেরা ফুটবলারের অ্যাখ্যা দেন। তিনি বলেন, 'ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক। ও আল নাসেরে খেলা চালিয়ে যেতে চায়। সেখানেই কেরিয়ার শেষ করবে। ক্রিশ্চিয়ানোর সঙ্গে কাজ করা সহজ।' নতুন কোচ নিযুক্ত করার বিষয়টি পর্তুগাল নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানায়। লেখা হয়, 'আজ থেকে নতুন যাত্রার সূচনা হল। জাতীয় দলে স্বাগত মিস্টার জর্জ জিসেস।'

এটাই তাঁর শেষ বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন রোনাল্ডো। কিন্তু জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন কিনা, সেই প্রসঙ্গে কিছু বলেননি। ৪১ বছরের রোনাল্ডোকে বিশ্বকাপে প্রধান স্ট্রাইকারের ভূমিকায় রাখা নিয়ে প্রশ্ন তোলেন ফুটবল পণ্ডিতরা। অনেকেই মনে করেন, এটাই পর্তুগালের পতনের অন্যতম কারণ। এবার পর্তুগালকে নতুন করে সংগঠিত করা কাজ নতুন কোচের। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জন্য তৈরি করা। একইসঙ্গে রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ারের শেষটাও তাঁর হাতেই।