আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের বিরুদ্ধে দিশেহারা হয়ে যায় ফ্রান্স। স্প্যানিশ তিকিতাকা ফুটবলের কোনও জবাব ছিল না এমবাপেদের কাছে। ফ্রান্সের ভয়ঙ্কর ত্রয়ী এমবাপে, ওলিসে এবং ডেম্বেলে স্পেনের বিরুদ্ধে কোনও প্রভাব ফেলতে পারেনি। এবার দিদিয়ের দেশর দলকে তুলোধোনা করলেন ফ্রান্সের ফুটবলের ইতিহাসে অন্যতম আইকন প্যাট্রিক ভিয়েরা। তিনি জানান, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, নিজেদের মেলে ধরতে পারেনি ফ্রান্সের প্লেয়াররা। ভিয়েরা বলেন, 'সবদিক থেকেই স্পেন ম্যাচটা জিতেছে। ফ্রান্স দল একেবারেই খেলতে পারেনি। ম্যাচের আগে আমি বলেছিলাম, ফ্রান্সকে হারাতে স্পেনকে নিজেদের সেরাটা দিতে হবে। সেটাই করে দেখিয়েছে।'

ফ্রান্সের কিংবদন্তি মনে করেন, ওলিসের ব্যর্থতা পার্থক্য গড়ে দেয়। বায়ার্ন মিউনিখের উইঙ্গারকে রোখার জন্য যে পরিকল্পনা নিয়েছিল লা রোজারা, সেটা দেখে মুগ্ধ ভিয়েরা। তিনি বলেন, 'ওলিসে প্রধান চরিত্র ছিল। ওর বল পাওয়া উচিত ছিল। কিন্তু ওরা ওর বল প্লে আটকে দেয়। ফ্রান্সের ওপর বিশ্বকাপ জেতার প্রত্যাশা ছিল। আমরা রেজাল্টে হতাশ। তার থেকেও বেশি হতাশ পারফরম্যান্সে। এদিন আমাদের সেরা প্লেয়ারদের পারফর্ম করা উচিত ছিল। কিন্তু ওরা সেটা পারেনি। একজন বা দু'জন নয়, সামগ্রিকভাবে গোটা দল ব্যর্থ। খুবই খারাপ পারফরম্যান্স।' 

লুকাস ডিগনের দিকে আঙুল তোলেন ফ্রান্সের প্রাক্তন তারকা। তাঁর ভুলেই পেনাল্টি পায় স্পেন। পরিবর্ত হিসেবে নেমেও প্রভাব ফেলতে পারেনি ডিজায়ার ডুয়ে। ভিয়েরা বলেন, 'ডিগনের আরও ভাল খেলা উচিত ছিল। আমরা একজন অভিজ্ঞ প্লেয়ারের কথা বলছি। ডুয়েরও দায়িত্ব ছিল। ডিগনের পজিশনের জন্য ওকে দোষ দেওয়া যেতেই পারে।' বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও, এখনও তৃতীয় স্থানে শেষ করার সুযোগ আছে ফ্রান্সের।