আজকাল ওয়েবডেস্ক: সোমবার দেশে ফেরার কথা স্পেনের বিশ্বকাপজয়ী দল। ২৬ জনের দলকে স্বাগত জানাবেন স্পেনের রয়্যাল পরিবার এবং প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ। তারপর হুডখোলা বাসে সেন্ট্রাল মাদ্রিদের রাস্তা দিয়ে যাবেন ইয়ামাল, রডরিরা। প্রধানমন্ত্রীর বাসভবন মনক্লোয়া প্যালেস থেকে সিবেলিস স্কোয়ার পর্যন্ত চলবে বিজয় উৎসব। তারপর সেখানে প্লেয়ারদের নিয়ে একটি অনুষ্ঠান হবে। অতীতে স্পেনের জাতীয় দলগুলোও এখানে সাফল্য উদযাপন করছে। 

নিউজার্সিতে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। ২০১০ সালের পর এই প্রথম। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেলিব্রেশন শুরু। স্পেনের রাজধানীতে কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমে পড়ে। রেস্তোরাঁ, পানশালা ভরায় হাজার হাজার সমর্থকরা। কেউ স্পেনের জার্সিতে, কেউ আবার পতাকা জড়িয়ে। মাদ্রিদের পুয়ের্তো ডি সোল সহ অন্যান্য স্কোয়ার ভরিয়ে দেয় ফ্যানরা। নাচে-গানে সেলিব্রেট করে ভক্তরা। অনেকে আবার সারা রাত উদযাপন করে। 

১৯ বছরের ভিক্টর আলভারেজ বলেন, 'আমি খুব খুশি। তিন থেকে চার ঘণ্টা ঘুমিয়েছি। কিন্তু দলের জন্য আমি সবকিছু করতে রাজি।' ২০২৩ সালে মেয়েদের বিশ্বকাপও জিতেছিল স্পেন। ইউরোপের প্রথম দেশ হিসেবে একইসঙ্গে ছেলেদের এবং মেয়েদের বিশ্বকাপ জেতার নজির গড়ে স্পেন। ১৬ বছর আগে জেতায়, নতুন প্রজন্ম এবার প্রথম স্পেনকে চ্যাম্পিয়ন হতে দেখছে। বিশ্বকাপজয়ীদের অভ্যর্থনা জানাতে মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে অপেক্ষা করে সমর্থকদের একঝাঁক। অনেকেই আবার আগে থেকেই সিবেলিস স্কোয়ারে গিয়ে আগাম জায়গা দখল করে নেয়।