আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের ২০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। ফাইনালের লড়াইয়ে দুই দেশের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আক্রমণের ঝাঁঝ বেশি কিলিয়ান এমবাপেদের। কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই লামিন ইয়ামালরাও। মঙ্গলবারের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে দুই দলের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে গিয়েছে। দুই দলের প্লেয়াররাই খুল্লামখুল্লা একে অপরকে চ্যালেঞ্জ করতে শুরু করেছে। দিদিয়ের দেশ ইতিমধ্যেই ইউরোপ সেরাদের সেমিফাইনালের ফেভারিট ঘোষণা করেছেন। অন্যদিকে অনেক স্প্যানিশ প্লেয়ার কিলিয়ান এমবাপের বিরুদ্ধে নামার জন্য মুখিয়ে আছে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র একবার মুখোমুখি হয়েছে দুই দেশ। ২০০৬ সালে ৩-১ গোলে জেতে লে ব্লুজরা। কিন্তু বর্তমান পরিসংখ্যানে স্প্যানিশরা এগিয়ে। শেষবার ২০২৪ ইউরো সেমিফাইনালে মুখোমুখি হয় দুই ইউরোপ জায়ান্ট। ২-১ গোলে জেতে স্পেন। গত বছর উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে ৫-৪ এ ফ্রান্সকে হারায় স্পেন। এবার হ্যাটট্রিকের লক্ষ্যে।
সেমিফাইনালের আগে লামিন ইয়ামাল বলেন, 'আমরা শেষ দুই সাক্ষাতে ফ্রান্সকে হারিয়েছি। ফ্রান্সের আমাদের ভয় পাওয়া উচিত। দেখা যাবে কী হয়। কিন্তু আমরা ভয় পাচ্ছি না।' সতীর্থের সঙ্গে সুর মেলান নিকো উইলিয়ামস। তিনি বলেন, 'ওদের নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা এই দলকে দু'বার হারিয়ে নিজেদের প্রমাণ করেছি। এটা অহংকার নয়, আত্মবিশ্বাস এবং কিছুটা ইগো।' আট গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে লিওনেল মেসির সঙ্গে একই সারিতে রয়েছেন কিলিয়ান এমবাপে। দু'জনেরই গোল সংখ্যা আট। ফরাসি তারকাকে রোখার বিষয়ে আশাবাদী স্পেনের ডিফেন্ডার পাউ কিউবারসি। তিনি বলেন, 'এমবাপেকে আমি ভয় পাই না। সবাই জানে ও কী মানের প্লেয়ার। গোটা ম্যাচে খুব একটা কিছু না করতে পারলেও, একটা সুযোগ ম্যাচের রং বদলে দিতে পারে। ও লামিনের মতো অনন্য। আমাদের ৯০ মিনিট ফোকাস ধরে রাখতে হবে।'
এদিকে স্প্যানিশ প্লেয়ারদের এহেন মন্তব্যকে খুব বেশি গুরুত্ব দিতে চান না ইব্রাহিম কন্তে। এগুলোকে 'ট্র্যাপ' এর অ্যাখ্যা দেন ফ্রান্সের সেন্টার ব্যাক। স্পষ্ট জানিয়ে দিলেন, এই ফাঁদে পা ফেলতে চান না। কন্তে বলেন, 'যা বলা হচ্ছে তাতে আমরা নজর দিচ্ছি না। আমাদের কাউকে নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। আমরা ওদের তৈরি ফাঁদে পা দিতে চাই না। বিশেষ করে প্রতিযোগিতার এই সময়। ওরা কী চায় সেটা বলতেই পারে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার প্রস্তুতি নেব। ম্যাচ শেষে দেখা যাবে কে লাভবান হল।' এমবাপে না ইয়ামাল? বিশ্বমঞ্চে শেষ হাসি হাসবেন কে?
















