আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম। জনসংখ্যা মাত্র ৫,০০,০০০। কিন্তু আর্জেন্টিনাকে মিনি হার্ট অ্যাটাক দেওয়ার উপক্রম হয়েছিল। ম্যাচ হেরেছে, কিন্তু মন জয় করে নিয়েছে কেপ ভার্দে। দু'বার পিছিয়ে পড়ে যেভাবে ম্যাচে ফিরেছে, এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে, তাঁদের কুর্নিশ জানাতেই হবে। কেপ ভার্দে বিশ্বকাপ থেকে আউট হয়ে গিয়েছে ঠিকই। কিন্তু অসংখ্য স্মৃতি রেখে গিয়েছে। প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থাকে। ফুটবলের দুই পাওয়ার হাউজ স্পেন এবং উরুগুয়েকে আটকে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে খাদের কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছে। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশের বিশ্বমঞ্চে এই কীর্তি এক কথায় অসাধারণ। আফ্রিকার এই দ্বীপরাষ্ট্র প্রমাণ করেছে, বিশ্বাস, সংকল্প এবং ভয়ডরহীন ফুটবল দিয়ে বিশ্বকে অনুপ্রাণিত করা যায়। রেজাল্ট যাই হোক না কেন, নৈতিক জয় কেপ ভার্দের। ফুটবল ভক্তদের শ্রদ্ধা এবং প্রশংসা আদায় করে নিয়েছেন ভোজিনহারা। 

ভারতীয় সময় শনিবার ভোরে মায়মিতে রূপকথার যাত্রার শেষ হয়। কিন্তু মায়ামির হার্ডরক স্টেডিয়ামে প্রত্যেকটি ফুটবল ফ্যান ভোজিনহাদের কুর্নিশ জানায়। মাঠ ছাড়ার সময়, উঠে দাঁড়িয়ে কেপ ভার্দের সৈনিকদের অভিবাদন জানায় গোটা স্টেডিয়াম। সঙ্গে করতালি। বিশ্বফুটবলে সবচেয়ে বড় অঘটনের জায়গায় প্রায় পৌঁছে গিয়েছিল আফ্রিকান দ্বীপপুঞ্জ। কিন্তু শেষপর্যন্ত মিরাকেল ঘটেনি। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে জেতে আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে সপ্তম, সার্বিকভাবে ২০তম গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু হার মানেননি ব্লু শার্করা। ডিরয় দুয়ার্টের গোল ম্যাচ এক্সট্রা টাইমে নিয়ে যায়। লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের মনোবল দমাতে পারেনি। সিডনি লোপেজ ক্যাব্রালের বিশ্বমানের গোলে আবার সমতা ফেরায় আফ্রিকার দ্বীপরাষ্ট্র। শেষে চাপের মুখে দিনি বর্জেসের আত্মঘাতী গোলে শেষ ষোলোর টিকিট হাতে পান মেসিরা। 

নিজের একশোতম ম্যাচে এমন রোমাঞ্চকর ফুটবলের সাক্ষী থাকবেন, ভাবেননি লিওনেল স্কালোনি। জানান, এই ম্যাচ তাঁর কোচিং জীবনে দৃষ্টান্ত হয়ে থাকবে। স্কালোনি বলেন, 'একশো ম্যাচের মধ্যে নিঃসন্দেহে এই ম্যাচ আমার মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। হারলে কী হত ভাবতে পারছি না। আমি প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে চাই। অনেকেই বলেছিল, ম্যাচটা সহজ হবে না। আজ কেপ ভার্দে প্রমাণ করে দিয়েছে, ওরা দারুণ দল। ওরা সবকিছু নিংড়ে দিয়েছে।' মঙ্গলবার মিশরের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে নামবে আর্জেন্টিনা। মেসি বনাম সালাহর আরও একটি রুদ্ধশ্বাস লড়াইয়ের আশায় রাত জাগবে ফুটবল ভক্তরা।