আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স বা ইংল্যান্ড নয়। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বের ছাড়পত্র সংগ্রহ করল মেক্সিকো। বৃহস্পতিবার প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে ১-০ গোলে জয় তুলে নেয়। ৪৮ দলের মধ্যে প্রথম দল হিসেবে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে যায় আয়োজক দেশ। চার বছর আগে ২০২২ সালে গ্রুপের গণ্ডি পার করতে পারেনি। সেই আক্ষেপ ছিল। কিন্তু এবার ঘরের মাঠে সেই সুযোগ হাতছাড়া হয়নি।

সমর্থকদের সামনে পরপর দুটো ম্যাচ জিতল মেক্সিকো। একইসঙ্গে হাতে পেল বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট। ম্যাচের ৫০ মিনিটে গোল করেন লুইস রোমো। গোলকিপার কিম সিউন গিউয়ের ভুলে ম্যাচের একমাত্র গোল হজম করে দক্ষিণ কোরিয়া। ডিফেন্ডার লি হি হিউকের সঙ্গে সংঘর্ষে বল বিপজ্জনক জায়গায় হাতছাড়া করে মেক্সিকোর গোলকিপার। লুজ বল সরাসরি নেটে রাখেন রোমো। 

ম্যাচের ৮৭ মিনিটে সমতা ফেরানোর মতো জায়গায় চলে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। চো গুই সাংয়ের হেড বাঁচান মেক্সিকো গোলকিপার রাউল র‍্যাঙ্গেল। ফিরতি শটেও দারুণ সেভ। দুই ম্যাচে ছয় পয়েন্ট মেক্সিকোর। যা দক্ষিণ কোরিয়ার থেকে তিন এবং দক্ষিণ আফ্রিকা এবং চেক রিপাবলিকের থেকে পাঁচ বেশি। অ্যাটলান্টায় এই দুই দলের মধ্যে খেলা ১-১ গোল ড্র হয়। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটো দল নকআউট পর্বে যাবে। একসঙ্গে আটটি সেরা তৃতীয় স্থানে থাকা দলও নকআউটের যোগ্যতা অর্জন করবে। ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ হওয়ায়, এই প্রথম রাউন্ড অফ ৩২ খেলা হবে। অন্যান্যবারের গ্রুপ পর্ব থেকে সরাসরি কোয়ার্টার ফাইনাল শুরু হয়।