আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপে মেক্সিকোর অশ্বমেধের ঘোড়া ছুটছে। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে মেক্সিকো। ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়। ঘরের মাঠে বিশ্বকাপ। একের পর এক নজরকাড়া পারফরমেন্স হোম টিমের। টানা চার ম্যাচে গ্লিনশিট মেক্সিকোর। দাপটের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাওয়ার পর উচ্ছ্বাস, উন্মাদনার ছবি দেখা যাচ্ছে মেক্সিকোর রাস্তায়। গোটা দেশ সেলিব্রেশনে মেতেছে। সার্বিকভাবে বিশ্বকাপের নকআউটে দ্বিতীয় জয়। নিজেদের এক্স হ্যান্ডেলে ফিফা একটি ভিডিও পোস্ট করেছে। রাতে মেক্সিকোর রাস্তায় সমর্থকদের উল্লাসের ছবি। দল এবং সাপোর্টারদের জন্য 'ঐতিহাসিক জয়'। 

ফিফার পোস্টের ক্যাপশনে লেখা, 'মেক্সিকো সিটির দৃশ্য। প্রথম জয়ের ৪০ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার নকআউট পর্বের ম্যাচ জেতে মেক্সিকো।' ভিডিওতে দেখা যায়, মেক্সিকো সিটির রাস্তায় লোকে লোকারণ্য। তিল ধরনের জায়গা নেই। যেন সবাই এই সাফল্য উদযাপন করতে রাস্তায় নেমে পড়েছে। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জিতেছিল মেক্সিকো। তারপর দীর্ঘ ৪০ বছরের অপেক্ষা। এবার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্ব মিলিয়ে টানা আট ম্যাচে অপরাজিত। বজ্রবিদুৎ সহ বৃষ্টির জন্য খেলা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। রক্ষণ সংগঠিত রেখে গোলের জন্য ঝাঁপায় মেক্সিকো। বিরতির আগে জুলিয়ান কুইনোনসের গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষে ব্যবধান বাড়ান রাউল জিমেনেজ। 

দ্বিতীয়ার্ধে পজেশনাল ফুটবল খেলে ইকুয়েডর। কামব্যাক করার মরিয়া চেষ্টা করে জার্মান ঘাতকরা। কিন্তু দিনটা তাঁদের ছিল না। মেক্সিকোর রক্ষণ ভাঙতে পারেনি।স্টপেজ টাইমে আরও সমস্যায় পরে ইকুয়েডর। লালকার্ড দেখে মাঠ ছাড়েন পিয়েরো হিনক্যাপী। যার ফলে বাড়তি সুবিধা পেয়ে যায় মেক্সিকো। বিশ্বকাপের চতুর্থ জয় ছিনিয়ে নেয় এল ট্রাইরা। এখনও কোনও গোল হজম করেনি। বিশ্বকাপে যে দলগুলো চমক দেখাচ্ছে, তারমধ্যে মেক্সিকো অন্যতম। পরের ম্যাচে ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে মেক্সিকো।