আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালের বিরতিতে আয়োজন করা হল সুপার বোলের আদলে এক বর্ণাঢ্য হাফটাইম শো। নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মেগা ফাইনালে বিরতিতে মঞ্চ মাতালেন একাধিক তারকা।

বিশ্বখ্যাত ব্যান্ড BTS, ম্যাডোনা, শাকিরা, পপ আইকন জাস্টিন বিবার এবং আফ্রিকান সুপারস্টার বার্না বয়ের পারফরম্যান্সে মেতে ওঠেন দর্শকরা। সঙ্গে মঞ্চে ছিলেন নিউ ইয়র্ক ফিলহারমনিকের কন্ডাক্টর গুস্তাভো দুদামেল, PS22 Chorus এবং কোল্ডপ্লে-র ফ্রন্টম্যান ক্রিস মার্টিন।
শুধু বিনোদন নয়, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল FIFA Global Citizen Education Fund-এর জন্য তহবিল সংগ্রহ। বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের শিক্ষা এবং ফুটবল খেলার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফিফার প্রতিটি বিশ্বকাপ টিকিট বিক্রি থেকেও এই তহবিলে অর্থ দেওয়া হচ্ছে। প্রথাগত ১৫ মিনিটের বিরতির বদলে এদিন হাফটাইমের সময় কিছুটা বাড়ানো হয়। যাতে অনুষ্ঠান শেষের পর মাঠকে ফের খেলার উপযোগী করে তুলতে পর্যাপ্ত সময় পাওয়া যায়। এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও এদিন জাঁকজমক করে বিরতিতে অনুষ্ঠান হয়।
















