আজকাল ওয়েবডেস্ক: মায়ামি বিমানবন্দরে একি কাণ্ড। যা দেখে হেসে গড়াগড়ি খেলেন লিওনেল মেসি। কেপ ভার্দের বিরুদ্ধে খেলতে মায়ামি পৌঁছে গিয়েছি আর্জেন্টিনা দল। যাওয়ার পথেই বিপত্তি। ম্যাচের প্রস্তুতির মাঝেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মজার ভিডিও। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় মেসিকে বেশ হাসিখুশি মেজাজে দেখা যায়। ভিডিওতে তাঁর এক সতীর্থের ব্যাগে একটি বিবিকিউ লাইটার পাওয়া যায়। সেটি বাজেয়াপ্ত করেন নিরাপত্তাকর্মীরা। পুরো ঘটনায় হাসি চেপে রাখতে পারেননি মেসি। হেসে গড়াগড়ি খান। যদিও ভিডিওটি কোথায় করা হয়েছে সেটা স্পষ্ট নয়। তবে আর্জেন্টিনা দল ইতিমধ্যেই মায়ামি পৌঁছে গিয়েছে। দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন পোস্ট করে জানিয়েছে, 'সিনিয়র দল আমরা মায়ামিতে।'

মেসি আবারও প্রমাণ করেছেন বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন মহাতারকা মাত্র তিন ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে একনম্বরে রয়েছেন। কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন মেসি। আরলিং হালান্ড, হ্যারি কেন, ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকাদের মাঝেও নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। মেসির অনবদ্য পারফরম্যান্সে আর্জেন্টিনা ইতিমধ্যেই বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। আগামী শনিবার (ভারতীয় সময়) নকআউট পর্বে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে। বর্তমান ফর্ম বজায় থাকলে আর্জেন্টিনার সেমিফাইনাল পর্যন্ত পৌঁছনোর সম্ভাবনা উজ্জ্বল বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

গ্রুপ পর্বে একের পর এক জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর অস্ট্রিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জেতে মেসিরা। গ্রুপের শেষ ম্যাচে জর্ডনকে ৩-১ গোলে হারিয়ে নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা।জর্ডানের বিরুদ্ধে বদলি হিসেবে নেমেও নিজের ছাপ রাখেন মেসি। ৬০ মিনিটে মাঠে নামেন। তাঁর ১০ মিনিট পরই ফ্রিকিক থেকে গোল করেন। সেই গোলেই নতুন ইতিহাস। ছেলেদের ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাতটি বিশ্বকাপের ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েন। এছাড়া ১৯৯৮ সালে বর্তমান গ্রুপ ফরম্যাট চালুর পর এক বিশ্বকাপের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করা চতুর্থ ফুটবলার হলেন মেসি। এর আগে এই নজির গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড ভিয়া এবং ফার্নান্দো তোরেস।বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৯। যা আর্জেন্টিনার হয়ে সর্বাধিক। ৩৯ বছর বয়সেও তাঁর পারফরম্যান্স বলে দিচ্ছে, ফুটবলের মঞ্চে মেসির জাদু এখনও অমলিন।