আজকাল ওয়েবডেস্ক: দু'ম্যাচে পাঁচ গোল। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে লিওনেল মেসি। কিন্তু রবিবার গোল সংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন না আর্জেন্টিনার অধিনায়ক। জর্ডনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন লিওনেল স্কালোনি। রবিবার ভারতীয় সময় সকালে গ্রুপ জের শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা। কিন্তু প্রথম একাদশে থাকবেন না মেসি। জোড়া ম্যাচ জিতে ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে শেষ করেছে লা আলবিসিলেস্তেরা। আর্জেন্টিনার কোচ স্পষ্ট জানিয়ে দেন, জর্ডন ম্যাচে শুরু করবেন না মেসি। 

স্কালোনি বলেন, 'মেসি বেঞ্চে শুরু করবে। কিন্তু পরে নামবে।' তবে ঠিক কখন দলের তারকাকে নামানোর কথা ভেবেছেন, সেই বিষয়ে কিছু বলেননি আর্জেন্টিনার কোচ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পাঁচ গোল করেছে আর্জেন্টিনা। সব গোলই করেছেন মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে মিরোস্লাভ ক্লোজের রেকর্ড পেরিয়ে যান। এরপর অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া জয়। ইন্টার মিয়ামির বিরুদ্ধে চোট পেয়েছিলেন তারকা ফুটবলার। কোনও ফিটনেস সমস্যা নেই শিবিরে। কিন্তু সামনে প্রচুর শারীরিক কসরতের মধ্যে দিয়ে যেতে হবে ফুটবলারদের। তাই কোনও ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা শিবির। 

২০ জুলাই হাতে ট্রফি তুলতে হলে, আরও পাঁচটি ম্যাচ জিততে হবে আর্জেন্টিনাকে। তারমধ্যে চার ম্যাচে জয় বাধ্যতামূলক। একমাত্র জর্ডনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ হারলে বা ড্র করলে কোনও ক্ষতি নেই। মাত্র ১৭ দিনে ৫ ম্যাচ খেলতে হবে। যাতে মেসির ওপর অত্যধিক চাপ না পড়ে, তাই রবিবার প্রথম একাদশে রাখা হবে না। ভক্তরা বঞ্চিত হলেও, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে কোনও দ্বিধা করছেন না আর্জেন্টিনার কোচ। তবে দ্বিতীয়ার্ধে মেসিকে দেখা যাবে। এমনই ইঙ্গিত দেন আর্জেন্টিনার কোচ।