আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টা পর ফুটবল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। সম্ভবত দেশের জার্সিতে বিশ্বমঞ্চে তাঁর শেষ ম্যাচ। সেজে উঠছে মঞ্চ। তারই মধ্যে আচমকা ক্ষেপে লাল মেসি। শান্তশিষ্ট স্বভাবের মানুষটার হঠাৎ হল কী! বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। সেখানে ছিলেন স্পেনের কোচ লুইস ডে লা ফুয়েন্তেও। কিন্তু স্প্যানিশ কোচের কথা বলার সময় মাঝপথেই তা থামিয়ে দেওয়া হয়। চিৎকার করতে শুরু করে দর্শকরা। ফুয়েন্তে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আওয়াজ করতে শুরু করে সমর্থকরা। সেটাই পছন্দ হয়নি মেসির। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মেসিকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। না, মুখে কিছু বলেননি ম্যাজিশিয়ান। চোখে-মুখে বিরক্তি স্পষ্ট ছিল। অন্যদিকে, এই প্রসঙ্গে হাসিমুখে স্পেনের কোচ বলেন, 'ছোটবেলা থেকেই আমাকে বাকিদের সম্মান করতে এবং তাঁদের কথা শুনতে শেখানো হয়েছে। আমাদের একটু কিছু শেখা উচিত।' 

একটি মারকাটারি ফাইনালের অপেক্ষায় স্পেনের কোচ। ২০১০ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে। অন্যদিকে পরপর দু'বার বিশ্বকাপ জেতার সুযোগ আর্জেন্টিনার সামনে। ফাইনালের আগে ফুয়েন্তে জানান, দুই দলের ফুটবল দর্শন এক। দুটো দলেই প্রতিভার ছড়াছড়ি।মানও সমান। দুই দলই অ্যাটাকিং ফুটবল খেলে। উপভোগ্য ম্যাচের বিষয়ে আশাবাদী। ফুয়েন্তে বলেন, 'দুটোই বিশ্বমানের দল। দুই দলের মধ্যে একাধিক মিল আছে। ম্যাচের দর্শন এবং প্রতিভার নিরিখে অনেকটাই সমান। তাই আমার মনে হয়, উপভোগ্য ম্যাচ হবে। আমাদের অ্যাপ্রোচও এক। ভাল ফুটবল হবে।' 

স্পেনের কোচের দাবি, বিশ্বকাপের ফাইনালে ওঠাই বড় কৃতিত্ব। ম্যাচটা উপভোগ করতে চায় তাঁরা। আর্জেন্টিনাকে রুখে ট্রফির লক্ষ্যে নিজেদের উজাড় করে দিতে চায়। স্পেনের কোচ বলেন, 'আমার জন্য গুরুত্বপূর্ণ জেতার মতো পরিস্থিতিতে থাকা। ফাইনালে ওঠা। আমি প্রত্যেক বছর বিশ্বকাপের ফাইনালে উঠে হারতে রাজি আছি। তবে ফাইনালে উঠে খেতাবের লড়াইয়ে থাকতে চাই। আমাদের শক্তি কাজে লাগিয়ে মুহূর্তটা উপভোগ করতে চাই।' মেসির প্রশংসা করেন ফুয়েন্তে। তবে পাশাপাশি জানান, ইয়ামালের ওপর কোনও বাড়তি চাপ সৃষ্টি করতে চান না। তাঁকে নিজের মতো ছেড়ে দেন তিনি। এই প্রসঙ্গে ফুয়েন্তে বলেন, 'মেসি অসাধারণ প্রতিভা। তরুণ ফুটবলারদের উদাহরণ। লামিনেকে নিজের মতো হতে দিতে হবে। আমরা সেটার জন্য ওকে সবরকমের সাহায্য করি। ওকে আমরা যেভাবে দেখে এসেছি, সেভাবেই দেখতে চাই।'