আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালের আগে বদলে গেল চেহারা। আর্জেন্টিনার বিরুদ্ধে নামার আগে নতুন লুকে ধরা দিলেন লামিনে ইয়ামাল। বড় ম্যাচের আগে ফুটবলারদের হেয়ারস্টাইল বদল নতুন নয়। আকছার বিভিন্ন ক্রীড়াবিদের ক্ষেত্রে দেখা যায়। তাই ইয়ামালের চুলের স্টাইল পরিবর্তন যত না খবর, তার থেকে বেশি আরও একটি কাণ্ড দৃষ্টি আকর্ষণ করছে। আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ইয়ামালের নাপিত। কারণ চুল কাটতে তিনি স্পেনের হোটেলে পৌঁছন বিলাসবহুল রোলস-রয়েস গাড়িতে।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সেলিব্রিটি নাপিত ব্রায়ান গার্দাদো এবারের বিশ্বকাপে স্পেন দলের ফুটবলারদের গ্রুমিংয়ের দায়িত্বে রয়েছেন। শুক্রবার দলের হোটেলে তাঁর রোলস-রয়েসে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইয়ামালের নতুন হেয়ারস্টাইল করে দিচ্ছেন তিনি। কাজ শেষে স্পেনের তরুণ ফুটবলারের সই করা একটি জার্সিও উপহার হিসেবে পান গার্দাদো।
এদিকে ফাইনালের আগে স্পেনের বিস্ময় বালককে প্রশংসায় ভরিয়ে দেন লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে ইয়ামালের পারফরম্যান্স দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন বলে জানান আর্জেন্টাইন মহাতারকা। মেসি বলেন, 'লামিনে সত্যিই অসাধারণ ফুটবলার। ও এমন একটা ক্লাবের হয়ে খেলে, যাদের আমি ভীষণ ভালবাসি। ওর সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। তবে আমরা সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, যাতে এবার সেটা না হয়।'
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। সংযুক্তি সময়ে লাউতারো মার্টিনেজের জয়সূচক গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। অন্যদিকে হারের ফলে ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় ইংল্যান্ডের। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ইয়ামাল। এমবাপেদের খেলতেই দেয়নি স্প্যানিশরা। পুরোপুরি একপেশে ম্যাচ। এবার ফাইনালে একদিকে মেসির অভিজ্ঞতা, অন্যদিকে ইয়ামালের দুরন্ত প্রতিভার লড়াই।
















