আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন বিশ্বকাপে নতুন রেকর্ড লিখছেন কিলিয়ান এমবাপে। তাও আবার বিদ্যুৎগতিতে। মঙ্গলবার রিয়াল মাদ্রিদের তারকার জোড়া গোলে বিশ্বকাপের শেষ ষোলোর যোগ্যতা অর্জন করে ফ্রান্স। জোড়া গোলে মিরোস্লাভ ক্লোজেকে ছাপিয়ে যান। তাঁর গোল সংখ্যা ১৮। সামনে শুধু লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়কের গোল সংখ্যা ১৯। হয়ত এই বিশ্বকাপেই সর্বোচ্চ গোলের শিরোপা দখল করবেন। সেটা না পারলেও, হাতে আরও দুটো বিশ্বকাপ রয়েছে ফরাসি তারকার। শেষপর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা যে তিনিই হবেন, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে তার আগে আরও একবার রেকর্ডবুকে নিজের নাম লিখে নেন এমবাপে। 

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলের মালিক ফরাসি তারকা। সবাইকে ছাপিয়ে একনম্বরে এমবাপে। ১০ গোল করে ফেলেছেন। প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে দশ গোলের রেকর্ড। রোনাল্ডো নাজারিও এবং লিওনিদাসের ব্রাজিলীয় জুটিকে পেছনে ফেললেন রিয়েল মাদ্রিদের তারকা। দু'জনেরই বিশ্বকাপের নকআউট পর্বে ৮ গোল ছিল। তাঁদের পেছনেই আছেন ফ্রান্সের জাস্ট ফন্তেইন এবং পেলে। তাঁদের গোল সংখ্যা ৭। এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। ফুটবলের রাজপুত্রের গোল সংখ্যা ১৯। কিন্তু বিশ্বকাপের নকআউটে ৫ গোল করেছেন। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নকআউট পর্বে কোনও গোল নেই। 

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ধরে ফেললেন এমবাপে। সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের ছ'নম্বর গোল করে ফেলেন। মাইকেল অলিসের সঙ্গে জুটি বেঁধে সুইডেনের রক্ষণকে তছনছ করেন ফরাসি স্ট্রাইকার। দুরন্ত গতি এবং ফিনিশিং দিয়ে জোড়া গোল তুলে নেন। ম্যাচ শেষে দিদিয়ের দেশঁ বলেন, 'আমরা ফুটবল ইতিহাসের সাক্ষী থাকছি। ম্যাচের আগে কিলিয়ান রেকর্ড নিয়ে ভাবে না। ও শুধু ফাঁকা জায়গা খোঁজে। বিশ্বমঞ্চে গোল করার এই ক্ষমতা তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে।' প্রি-কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের মুখোমুখি ফ্রান্স। আগের বছর বিশ্বকাপ হাতছাড়া হয়েছে। এবার অধরা স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন এমবাপে, অলিসে, ডেম্বেলেরা।