আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে জোড়া গোল করায় বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার মুকুট বর্তমানে কিলিয়ান এমবাপের মাথায়। কিন্তু ফরাসি তারকার ধারণা, বিশ্বকাপের ফাইনালেই তাঁকে ছাপিয়ে যাবেন লিওনেল মেসি। ২২ ম্যাচে ২২ গোল ফ্রান্সের তারকার। মেসির এক গোল কম। আর্জেন্টিনার অধিনায়কের গোলসংখ্যা ২১। এমবাপের বিশ্বাস, স্পেনের বিরুদ্ধে গোল করেই তাঁকে ছাপিয়ে যাবেন মেসি। এমবাপে বলেন, 'লিও সবসময় গোল করে। আমি নিশ্চিত ও ফাইনালে গোল করবেই।' 

বিশ্বকাপের শুরুতে মেসি এবং এমবাপে, দু'জনেই জার্মানির তারকা মিরোস্লাভ ক্লোজেকে সামনে রেখে শুরু করেন। জার্মান গোলমেশিনের গোল সংখ্যা ছিল ১৬। প্রথমে ক্লোজেকে ছাপিয়ে যান মেসি। তাঁকে পেছন থেকে তাড়া করেন এমবাপে। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে টপকে যান মেসিকে। ৮ ম্যাচে ১০ গোল ফরাসি তারকার। মোট তিনটে বিশ্বকাপে ২২ গোল। সেখানে এটা মেসির ষষ্ঠ বিশ্বকাপ। জোড়া গোলে গোল্ডেন বুটের দৌড়ে আরও একধাপ এগিয়ে যান ফ্রান্সের অধিনায়ক। মেসির সঙ্গে দুই গোলের পার্থক্য। একাধিক ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়া সত্ত্বেও, দল তৃতীয় স্থানে শেষ না করতে পারায় হতাশ তারকা ফুটবলার। 

এমবাপে বলেন, 'আমি সবসময় দলকে সাহায্য করতে চাই। বিশ্বকাপে এতগুলো গোল করলে, সেটা ব্যক্তিগতভাবে একটা পর্যায় পৌঁছে দেয়। কিন্তু আমার হাতে থাকলে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার বদলে আমি ফাইনাল খেলতে চাইতাম।' স্পেনের কাছে ফ্রান্সের হারে পরপর তিনটে বিশ্বকাপের ফাইনাল খেলা থেকে বঞ্চিত হন এমবাপে। তবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারবেন কিনা সেটাই দেখার। একটা শেষ সুযোগ থাকবে মেসির সামনে। ফাইনালে একটি গোল করলেই ফরাসি তারকাকে ছুঁয়ে ফেলবেন।