আজকাল ওয়েবডেস্ক: রবিবার নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা এবং স্পেন। ঠিক তার আগে ফের আলোচনায় লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের সেই বহুল প্রচারিত ছবি, যেখানে ছোট্ট ইয়ামালকে স্নান করাচ্ছেন তরুণ মেসি। ২০০৭ সালে বার্সেলোনার ন্যু ক্যাম্পে ইউনিসেফ এবং স্প্যানিশ পত্রিকা 'স্পোর্ত'-এর যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডার শ্যুটের সময় তোলা হয়েছিল ছবিটি। তখন মেসির বয়স ছিল ২০ বছর, আর ইয়ামাল ছিলেন মাত্র ছয় মাস বয়সী শিশু। ফটোগ্রাফার জোয়ান মনফোর্তের তোলা সেই ছবিতে দেখা যায়, ইয়ামালের মা শিলা এবানার পাশে বসে শিশু ইয়ামালকে বাথটবে স্নান করাচ্ছেন মেসি।
প্রায় দুই দশক পর সেই দুই চরিত্রই এখন বিশ্বফুটবলের অন্যতম বড় তারকা। একজন আর্জেন্টিনার অধিনায়ক, অন্যজন স্পেনের তরুণ প্রতিভা। শুক্রবার নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্ট অনুষ্ঠানে প্রাক্তন এনএফএল তারকা টম ব্র্যাডির প্রশ্নের জবাবে মেসি বলেন, 'অবিশ্বাস্য। ছবিটা দেখে নিজেও বিশ্বাস করতে পারছি না যে জীবন এভাবে ঘুরে আসতে পারে।' ইয়ামালের প্রশংসা করে বলেন, 'উনিশ বছর বয়সী তারকা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাঁর সামনে ইতিহাস গড়ার সুযোগ আছে। তবে ফাইনালে সেটা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে আর্জেন্টিনা।'
উল্লেখ্য, ছবিটি নিয়ে ইন্টারনেটে বিভিন্ন সময় গুজব রটেছিল যে এটি এআই দিয়ে তৈরি। তবে ইউনিসেফ জানিয়েছে, ছবিটি আসল। ২০০৭ সালের চ্যারিটিতেই তোলা হয়েছিল। রবিবার ফাইনালে মেসির সামনে থাকছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপজয়ী অধিনায়ক হওয়ার সুযোগ। অন্যদিকে ইয়ামালের সামনে ফাইনালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে খেতাব জিতে ইতিহাস গড়ার হাতছানি।
মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইয়ামালের। মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি উত্তরাধিকারসূত্রে পান। ২০২৪ ইউরো জয়ের পর এখন ১৯ বছরের তারকা ইতিহাস গড়ার পথে। একইসঙ্গে ইউরো এবং বিশ্বকাপ জেতা সবচেয়ে কমবয়সী ফুটবলার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইনালকে ঘিরে নানা আন্তর্জাতিক তারকা যুক্ত হয়েছেন। নিউইয়র্কে আয়োজিত ভক্তদের অনুষ্ঠানে মেসি এবং আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে ছিলেন স্পেনের অধিনায়ক রড্রি। টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ, এনবিএ তারকা কেভিন ডুরান্ট এবং অভিনেতা কেভিন হার্টও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।















